ঈশ্বরদীতে পেট্রোল পাম্পে লাইন নিয়ে দ্বন্দ্বে যুবককে ছুরিকাঘাত
পাবনার ঈশ্বরদীতে একটি পেট্রোল পাম্পে মোটরসাইকেলে তেল নেওয়াকে কেন্দ্র করে উজ্জ্বল হোসেন (৩৭) নামে এক যুবক ছুরিকাঘাতে আহত হয়েছেন। বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকালে উপজেলার আরামবাড়ীয়া মুনসুর ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। আহত উজ্জ্বল হোসেন উপজেলার সাঁড়া ইউনিয়নের ইলশামারী গ্রামের আকমল হোসেনের ছেলে।
উজ্জ্বল হোসেন জানান, মোটরসাইকেলে পেট্রোল নেওয়ার জন্য ফিলিং স্টেশনে গিয়েছিলাম। সেখানে বিশৃঙ্খলা দেখে সবাইকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পর্যায়ক্রমে পেট্রোল নেওয়ার জন্য অনুরোধ করি। এ নিয়ে কয়েকজন তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে কে বা কারা আমাকে পেছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পেট্রোল পাম্পে তেল নিতে আসা মোটরসাইকেল চালক আরমান হোসেন বলেন, আমরা দুই শতাধিক মোটরসাইকেল চালক লাইন দিয়ে দাঁড়িয়ে ছিলাম তেলের অপেক্ষায়। হঠাৎ মারামারি শুরু হয়। পরে দেখি একজনের শরীর দিয়ে রক্ত ঝরছে। তাকে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী এহসান বলেন, সকালে রক্তাক্ত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান বলেন, ঘটনাটি শুনেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ছুরি না। ধারালো কাঁচ জাতীয় কিছু হতে পারে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।