রামেক হাসপাতালে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু, বড়রাও আক্রান্ত হচ্ছে
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল আটটা থেকে শুক্রবার (৩ এপ্রিল) সকাল আটটার মধ্যে এ শিশুটি মারা যান। এ সময়ের মধ্যে আরও ১২ শিশু হাম উপর্সগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুর ১২টায় ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর কুমার বিশ্বাস। ক্ষুদে বার্তায় তিনি জানান, হামের উপসর্গ নিয়ে শুক্রবার সকাল পর্যন্ত মোট ১৩০ শিশু চিকিৎসা নিচ্ছেন। ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছে আরও ১৩ শিশু। হাসপাতালে এ পর্যন্ত চিকিৎসা দেওয়া হয়েছে ৩৫২ শিশুকে
হাসপাতালের তথ্যমতে, গেল চারদিনে হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু হলো। হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীদের আলাদা ওয়ার্ড ও আইসোলেশন করা হয়েছে। উপসর্গ নিয়ে এখন শিশুদের সঙ্গে বয়স্করাও ভর্তি হচ্ছেন।
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, শিশুদের পাশাপাশি বড়রাও হামে আক্রান্ত হচ্ছে। আমরা কয়েকদিন থেকেই উপসর্গ থাকা একটা-দুটো রোগী পাচ্ছি। ঠিক কতজন প্রাপ্তবয়স্ক ভর্তি হয়েছেন সেটা নিয়ে আমরা কাজ করছি। তথ্য সংগ্রহ করে পরবর্তীতে জানানো হবে।
তিনি আরও বলেন, হামের নিশ্চিত পরীক্ষার ফল পেতে সময় লাগায় আপাতত সব রোগীকেই ‘সাসপেক্টেড’ হিসেবে ধরা হচ্ছে। কারণ রাজশাহীতে দ্রুত এ পরীক্ষা করার সুযোগ নেই। তাই হামের আক্রান্ত কত শিশু মারা গেল তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।#