সোমবার, জুন ২২, ২০২৬

ঈশ্বরদীতে ছাত্রদল নেতা সোহাগ হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ

ঈশ্বরদী প্রতিনিধি ০৩ এপ্রিল ২০২৬ ০৯:৩০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী প্রতিনিধি ০৩ এপ্রিল ২০২৬ ০৯:৩০ অপরাহ্ন
ঈশ্বরদীতে ছাত্রদল নেতা সোহাগ হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ

পাবনার ঈশ্বরদীতে ছাত্রদল নেতা ইমরান হোসেন সোহাগ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে শুক্রবার (৩এপ্রিল) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু অনুসারী উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা এ কর্মসূচীর আয়োজন করে। 


শুক্রবার বিকেল ৫টার দিকে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের শত শত নেতাকর্মীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি শহরের রেলগেট কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে শুরু হয়। স্টেশন সড়ক হয়ে মিছিলটি বাজারের ১ নম্বর গেটে এসে প্রতিবাদ সমাবেশ করে।


সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, বিএনপি নেতা আনোয়ার হোসেন জনি, পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির হোসেন জুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহামুদুর রহমান ফুল জুয়েল, সাবেক ছাত্রনেতা খন্দকার তৌফিক আলম সোহেল, ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান দিপু, মাহমুদুল হাসান শাওন, মো. মামুন প্রমুখ।


নেতৃবৃন্দ ইমরান হোসেন সোহাগ হত্যার সঙ্গে যারা জড়িত বা যারা মাষ্টার মাইন্ড তাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার ও ফাঁসির দাবি জানান। যারা একের পর এক হামলা, ভাংচুর করে ঈশ্বরদীতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে, যারা পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে তাদেরও আইনের আওতায় আনার দাবি করেন বক্তারা। প্রশাসনকে দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান বক্তারা।


উল্লেখ্য, বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী পৌর শহরের সাঁড়া গোপালপুরে সন্ত্রাসী হামলায় খুন হন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর অনুসারী, ছাত্রদল ঈশ্বরদী উপজেলা কমিটির প্রস্তাবিত সদস্য সচিব এবং জিয়া সাইবার ফোর্স উপজেলা কমিটির সদস্য সচিব ইমরান হোসেন সোহাগ (২৬)।


এদিকে শুক্রবার সোহাগ হত্যাকান্ডের ঘটনা তদন্তে পুলিশ, র‌্যাব, গোয়েন্দা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে নেমেছেন। শহরের বিভ্ন্নি এলাকায় অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের আইনের আওতায় এনতে অভিযান চালিয়েছেন তারা।


অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) প্রণব কুমার জানান, নিহত সোহাগের মাথায় আঘাতের চি‎হ্ন দেখে মনে হয়েছে, তাকে কুপিয়ে ও মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, পূর্ব শক্রতার জেরে এ হত্যাকান্ড হয়েছে তবে কি কারণে, কারা তাকে হত্যা করেছে তা উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। এখনো মামলা দায়ের করা হয়নি তবে মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।