সোমবার, জুন ২২, ২০২৬

আফগানিস্তানে ভূমিকম্পে মৃত অন্তত আট, কম্পন অনুভূত হল উত্তর ভারতেও

সোনার দেশ ডেস্ক ০৪ এপ্রিল ২০২৬ ১২:১৭ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ০৪ এপ্রিল ২০২৬ ১২:১৭ অপরাহ্ন
আফগানিস্তানে ভূমিকম্পে মৃত অন্তত আট, কম্পন অনুভূত হল উত্তর ভারতেও

 ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.‌৯। জানা গিয়েছে, শুক্রবার রাত ৯.‌৫০ মিনিট নাগাদ আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে তীব্র কম্পন অনুভূত হয়। উৎপত্তিস্থল আফগানিস্তান হলেও উত্তর ভারতের একাধিক অংশে কম্পন অনুভূত হয়েছে।

জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল আফগানিস্তানের দারাওয়ান প্রদেশ। সেটি হিন্দুকুশ অঞ্চলে পাকিস্তান–তাজিকিস্তান সীমান্তের কাছে। উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৫০ কিলোমিটার গভীরে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভূমিকম্পের কারণে এখনও পর্যন্ত সেখানে আট জন মারা গিয়েছেন।

এদিকে, কম্পন অনুভূত হয়েছে দিল্লি–এনসিআরের বিভিন্ন জায়গায়। চণ্ডীগড়, লুধিয়ানা, পুঞ্চ, শ্রীনগর, উধমপুর, দেরাদুন সহ বিভিন্ন শহরে কম্পন অনুভূত হয়েছে। 

কম্পনের জেরে গভীর রাতেই সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কম্পন কয়েক সেকেন্ড স্থায়ী হলেও ঝাঁকুনির তীব্রতা এতটাই বেশি ছিল যে বহু মানুষ ঘরবাড়ি এবং অফিস থেকে তড়িঘড়ি বাইরে বেরিয়ে আসেন। ভারতে অবশ্য এই কম্পনে বড়সড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তবুও প্রশাসন পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। স্থানীয় প্রশাসন এবং বিপর্যয় মোকাবিলা দল প্রস্তুত রাখা হয়েছে, যাতে কোনও জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। বিভিন্ন এলাকায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে জরুরি পরিষেবাগুলিকেও সতর্ক রাখা হয়েছে।

তবে এটা ঘটনা আফগানিস্তান কম্পন প্রবণ এলাকা। অতীতে একাধিকবার সেখানে ভূমিকম্প হয়েছে। গত বছর সেপ্টেম্বরে একের পর এক ভূমিকম্পে আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। মৃত্যু হয়েছিল দু’হাজারেরও বেশি মানুষের। হাজার তিনেক মানুষ জখম হয়েছিলেন।

তথ্যসূত্র: আজকাল অনলাইন