মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় নিহত ২

সোনার দেশ ডেস্ক ০৪ এপ্রিল ২০২৬ ১২:৪৩ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০৪ এপ্রিল ২০২৬ ১২:৪৩ অপরাহ্ন
যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় নিহত ২
প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে উল্টোপথে বেপরোয়া গতির ট্রাক চাপায় অটোরিকশা চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। নিহত রিকশাচালকের নাম ফিরোজ আহমেদ (৫০)। যাত্রীর পরিচয় জানা যায়নি। 

শনিবার (৪ এপ্রিল) রাত ১টার দিকে যাত্রাবাড়ী মীরহাজীরবাগ কাঁচাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মো. খাইরুল নামে একজন প্রত্যক্ষদর্শী জানান, রাত ১টার দিকে মীরহাজীরবাগ কাঁচাবাজারের পাশে একটি দোকানে বসে চা পান করছিলেন। এ সময় দেখতে পান, একটি ট্রাক বেপরোয়া গতিতে উল্টো পথ দিয়ে যাচ্ছে। এর ৩০ সেকেন্ড পরই সামনে গিয়ে একটি অটোরিকশার ওপর উঠে যায় ট্রাকটি। সঙ্গে সঙ্গে তারা দৌড়ে গিয়ে ট্রাকের নিচ থেকে অটোচালক ও যাত্রীকে বের করেন। গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় আশপাশের লোকজন ট্রাকের চালককে আটকে রেখে পুলিশে খবর দেয়। চালককে উল্টো পথে বেপরোয়া গতিতে চালানোর কারণ জানতে চাইলে সে জানায়, যাত্রাবাড়ী দয়াগঞ্জ এলাকায় আরেকটি ট্রাক তার ট্রাককে ধাক্কা দেয়। সেই ট্রাকটি ধরতে উল্টো পথে দ্রুত চালিয়ে যাচ্ছিল।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু জানান, রাতে মীরহাজীরবাগে ট্রাকের ধাক্কায় ওই দুর্ঘটনা ঘটে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়।

তথ্যসূত্র: বাংলাট্রিবিউন