সোমবার, জুন ২২, ২০২৬

রামেক হাসপাতালে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ০৪ এপ্রিল ২০২৬ ০১:০০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০৪ এপ্রিল ২০২৬ ০১:০০ অপরাহ্ন
রামেক হাসপাতালে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে হাম উপসর্গে ৩৮ শিশুর মৃত্যু হলো।   

শনিবার (৪ এপ্রিল) দুপুর ১২টায় রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, শুক্রবার (৩ এপ্রিল) সকাল আটটা থেকে শনিবার (৪ এপ্রিল) সকাল আটটা পর্যন্ত এ শিশুরা মারা যায়।  

তিনি আরও জানান, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ২৪ শিশু। আর ছাড়পত্র পেয়েছে ৩ শিশু। সাসপেক্টেড হামে চিকিৎসাধীন রোগী আছেন ১৪৯ শিশু। এর মধ্যে বয়স্ক কয়েকজনও আছেন। এখন পর্যন্ত হাম আইসোলেশন ওয়ার্ডে মোট ৩৭৭ জন রোগী চিকিৎসা নিয়েছেন। 

এদিকে শনিবার (৪ এপ্রিল) সকালে রামেক হাসপাতালের হামের আইসোলেশন পরির্দশন করেছেন নবনিযুক্ত রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। 

পরিদর্শনকালে হাসপাতালের হাম আক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যবস্থা, আইসোলেশন সুবিধা, ওয়ার্ড ব্যবস্থাপনা, ওষুধ সরবরাহ এবং চিকিৎসক-নার্সদের প্রস্তুতি বিষয়ে খোঁজখবর নেন তারা। 

রোগীদের সার্বিক চিকিৎসা সেবা নিশ্চিতকরণ, হাসপাতালের পরিচ্ছন্নতা এবং সংক্রমণ প্রতিরোধে কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে সিটি করপোরেশনের পক্ষ থেকে আশপাশ এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা হবে বলে জানানো হয়।