সোমবার, জুন ২২, ২০২৬

রাজশাহীতে একদিনের ব্যবধানে কমল দুই ডিগ্রি তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক ০৪ এপ্রিল ২০২৬ ১০:১৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০৪ এপ্রিল ২০২৬ ১০:১৪ অপরাহ্ন
রাজশাহীতে একদিনের ব্যবধানে কমল দুই ডিগ্রি তাপমাত্রা

চৈত্র মাসে রাজশাহীর ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। গেল কয়েকদিনর সকাল থেকেই ঝলসে উঠছে সূর্য। কয়েক দিনের মৃদু ও মাঝারি তাপপ্রবাহের পর শনিবার (৪ এপ্রিল) কমেছে তাপমাত্রা। তবে সেটা মৃদ্যু তাপপ্রবাহেই থাকছে। 


রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগার জানিয়েছে, শনিবার রাজশাহীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার (৩ এপ্রিল) তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। এর আগের দিনও বৃহস্পতিবার (২ এপ্রিল) ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। 


অধিদফতরের তথ্য অনুযায়ী, তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তা মাঝারি এবং তাপমাত্রা ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ ধরা হয়। তাপমাত্রা ৪২-এর বেশি হলে তা অতি তীব্র তাপপ্রবাহ বলে ধরা হয়।


গত তিন দিন তীব্র গরমে জনজীবন হাঁসফাঁস হয়ে উঠেছে। দুপুর ১২টা থেকে বিকেল পর্যন্ত রাস্তায় বের হলে মনে হয়, যেন শরীরে আগুনের শিখা লাগছে। জরুরি কাজ ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না। রিকশাচালক, দিনমজুরদের সবচেয়ে বেশি কষ্টে পড়তে হচ্ছে। পেটের তাগিদে তাঁদের প্রচণ্ড গরমের মধ্যেও বাইরে কাজ করতে হচ্ছে। 


রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ রহিদুল ইসলাম বলেন, রাজশাহীতে এখন গেল তিনদিন তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। মৃদ্যু ও মাঝারিতে তাপপ্রবাহ থাকছে। আগামী দুইদিনও এমন তাপমাত্রা থাকবে। বৃষ্টি হলে তাপমাত্রা কমবে।