ইটভাটার মাটির জন্য কাটা গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু
চট্টগ্রামের ফটিকছড়ির হারুয়ালছড়িতে ইটভাটার জন্য মাটি কেটে তৈরি গর্তের পানিতে ডুবে দুই শিশুর মুত্যু হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভুজপুর থানাধীন হারুয়ালছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কলিম বাপের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হল, ওই এলাকার হাবিবুর রহমানের মেয়ে সাকি (৯) ও জাকির হোসেনের মেয়ে সানজিদা (১১)।
হারুয়ালছড়ি ইউনিয়ন পরিসদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জমিতে ইটভাটার জন্য মাটি কেটে তৈরি হওয়া গর্তে পানি জমে ছিল। সেখানে খেলার সময় দুই শিশু পড়ে যায়।
“তাদের সাথে থাকা অপর একটি শিশু বাড়িতে এসে খবর দিলে স্থানীয়রা গিয়ে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে।”
খবর পেয়ে পুলিশ র্দুঘটনাস্থল পরিদর্শন করেছে বলে ভুজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে জানান।
তথ্যসূত্র: বিডিনিউজ