ঈশ্বরদীতে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি ৮ মামলায় মোট আসামী ৮ শতাধিক
পাবনার ঈশ্বরদীতে ইদের আগের দিন চাঁদরাতে ফতেমোহাম্মদপুর এলাকায় যুবদল নেতা আব্দুল্লাহ্ রউফ আব্দুলকে কুপিয়ে জখম করার পর থেকে ইদ-পরবর্তী সময়ে গত ২৩ মার্চ পর্যন্ত দফায় দফায় বিভিন্ন বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠান, বিএনপির প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাংচুরসহ মুখোমুখি সংঘর্ষের ঘটনায় বিএনপির দুই পক্ষে আরো দুটি পাল্টাপাল্টি মামলা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার। সর্বশেষ রোববার রাতে ঈশ্বরদী থানায় নথিভুক্ত হওয়া দুটি মামলার প্রথমটিতে ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু, তার তিন ভাই যথাক্রমে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির হোসেন জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান সোনামনি ছাড়াও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামসুদ্দিন আহমেদ মালিথা, সাবেক পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন জনিসহ ১০২ জন বিএনপি নেতাকর্মীকে আসামী করে একটি মামলা দায়ের করেন পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের ছোট ভাই বিপুল হোসেন বুদু।
এ মামলার পাল্টা আরেকটি মামলা দায়ের করেন ঈশ্বরদী পৌরসভার সাবেক কাউন্সিলর ইলিয়াস হোসেন খান এলবাস। এ মামলায় আসামী করা হয়েছে ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলু, তার তিন ভাই বিএনপি নেতা মাহ্বুবুর রহমান পলাশ, উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি রেজাউল করিম ভিপি শাহীন ও মো. রানা ছাড়াও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরুল কায়েস সুমনসহ ১২৫ জনকে।
ঈশ্বরদী থানা সূত্রে জানা গেছে, একই ঘটনায় ইতোপূর্বে দুই পক্ষের আরো ৬টি মামলা হয়েছে। সেসব মামলায় আসামী করা হয়েছে বিএনপির দুই পক্ষের ৬ শতাধিক নেতাকর্মীদের। সব মিলিয়ে এসব মামলার আসামী সংখ্যা ৮ শতাধিক। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার এসব মামলা নথিভূক্ত হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, ইদের আগের দিন ২০ মার্চ চাঁদরাত থেকে ২৩ মার্চ পর্যন্ত ঈশ্বরদীতে বিভিন্ন বাড়ি-ঘরে দফায় দফায় হামলা, ভাংচুর ও বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষসহ বিভিন্ন ঘটনায় এখন পর্যন্ত ঈশ্বরদী থানায় ৮টি মামলা রেকর্ড করা হয়েছে।
পাল্টাপাল্টি এসব মামলায় যাদের আসামী করা হয়েছে তারা সবাই বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী। ঈশ্বরদী থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, আমি ঈশ্বরদী থানায় সদ্য যোগদান করেছি। এসব মামলা আমি ঈশ্বরদীতে যোগদানের আগেই দায়ের করা হয়েছে। সোমবার পর্যন্ত এসব মামলার কোন আসামীকে গ্রেপ্তার করা হয়নি বলে জানান তিনি।