রাবিতে ‘জুলাই সনদ বাস্তবায়নে ছাত্রসমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই সনদ বাস্তবায়নে ছাত্রসমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার টিচারস লাউঞ্জে রাবি শাখা ছাত্রপক্ষের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, জুলাই সনদ কেবল একটি রাজনৈতিক দলিল নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার রূপরেখা। ছাত্রসমাজের ঐক্যবদ্ধ অংশগ্রহণই গণতান্ত্রিক রূপান্তরের পথকে সুগম করতে পারে।
বিশেষ অতিথি ও সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সারাফ আনজুম বিভা বলেন, ছাত্রসমাজ যদি ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসে, তাহলে জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়ন সম্ভব এবং বৈষম্যহীন, জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা যাবে। শিক্ষার্থীদের সচেতন ও সংগঠিত হয়ে শান্তিপূর্ণ গণআন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানাই।
সভায় সভাপতিত্ব করেন ছাত্রপক্ষ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোহাম্মদ গোলাম মোস্তফা। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে ছাত্রসমাজকে সচেতন থাকার পাশাপাশি রাজপথে সক্রিয় অংশগ্রহণ করতে হবে, যাতে গণদাবিকে শক্তিশালী করা যায়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য সচিব আব্দুল্লাহ মুনাওয়ার সিফাত ভূঁঞা। সভা শেষে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হয়ে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণআন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। সভায় রাবি সিনেট সদস্য আকিল বিন তালেব, ফজলে রাব্বি ফাহিম-সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।