মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

গণভোট বাস্তবায়ন বিষয়ক সেমিনারে শিশির মনির ও ব্যারিস্টার ফুয়াদকে লাল কার্ড প্রদর্শন

রাবি প্রতিবেদক ০৬ এপ্রিল ২০২৬ ১০:৩০ অপরাহ্ন রাজনীতি
রাবি প্রতিবেদক ০৬ এপ্রিল ২০২৬ ১০:৩০ অপরাহ্ন
গণভোট বাস্তবায়ন বিষয়ক সেমিনারে শিশির মনির ও ব্যারিস্টার ফুয়াদকে লাল কার্ড প্রদর্শন

গণভোট বাস্তবায়ন বিষয়ক সেমিনারে অংশগ্রহণের সময়ে অ্যাড. শিশির মনির ও ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ-কে লালকার্ড প্রদর্শন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। সোমবার (৬ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। তবে এই কর্মসূচিতে শাখা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীও উপস্থিত ছিলেন।


সরেজমিনে দেখা যায়, এদিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে ‘গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি: সংকটের পথে দেশ’ শীর্ষক সেমিনারের আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। এতে প্রধান আলোচক ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মোহাম্মদ মনির এবং বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।


সেমিনার শুরু হওয়ার সময় ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে প্যারিস রোডে অবস্থান নেন একদল শিক্ষার্থী এবং আমন্ত্রিত দুই অতিথিকে লাল কার্ড দেখান। পরে তারা একটি প্রতিবাদ মিছিল বের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন হয়ে পরিবহন মার্কেটে গিয়ে কর্মসূচি শেষ করেন।


এই কর্মসূচিতে শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড এবং স্লোগান প্রদর্শন করেন। এর মধ্যে ছিল ‘টাকলা ফুয়াদ বিজয় দিবস মানে না, টাকলা ফুয়াদকে লাল কার্ড’, ‘আবরারের রক্ত বৃথা যেতে দিবনা, আবরারের রক্তের সাথে আপোষ নাই’, ‘খুনিদের পক্ষ নেওয়া লজ্জার, খুনিদের রক্ষাকারীদের ধিক্কার’।


লাল কার্ড প্রদর্শনের কারণ ব্যাখ্যা করে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, ফুটবল খেলায় নিয়ম ভঙ্গ করলে লাল কার্ড দেখানো হয়। ঠিক তেমনি বিতর্কিত বক্তব্য ও অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধেও প্রতীকীভাবে লাল কার্ড প্রদর্শন করা হচ্ছে। শিশির মনির আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টে অবস্থান নিয়েছেন এবং আসাদুজ্জামান ফুয়াদ ১৬ ডিসেম্বরকে বিজয় দিবস হিসেবে স্বীকার করেন না। এসব কারণে তাদের বিরুদ্ধে লাল কার্ড দেখানো হয়েছে।


ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়া বাঙালি জাতির জন্য লজ্জাজনক। নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত ১৬ ডিসেম্বরের বিজয় দিবস দেশের মানুষের আত্মত্যাগের প্রতীক। এ ধরনের বক্তব্যের প্রতিবাদ জানাতেই আমরা এই কর্মসূচি পালন করছি।


এই প্রতিবাদ কর্মসূচিতে বিজয়-২৪ হল শাখা ছাত্রদলের সভাপতি গাজী ফেরদৌস হাসান, ছাত্রদল কর্মী জাহিদ হাসানসহ বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এছাড়া প্রতিবাদ কর্মসূচির পাশেই অবস্থান করতে দেখা যায় রাবি শাখা ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান, শরীফ মাহমুদ, মিনারুল ইসলাম মেঘ, যুগ্ম-সাধারণ সম্পাদক হাসিব হাসান ও শহীদ হবিবুর রহমান হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরান হাসান খানকে।