সোমবার, এপ্রিল ২০, ২০২৬

‘ফেইসবুক পোস্টের কারণে’ গ্রেপ্তার: ‘ফ্যাসিবাদের পূর্বাভাস’ বলছে জামায়াত

সোনার দেশ ডেস্ক ০৭ এপ্রিল ২০২৬ ০২:৪৩ অপরাহ্ন রাজনীতি
সোনার দেশ ডেস্ক ০৭ এপ্রিল ২০২৬ ০২:৪৩ অপরাহ্ন
‘ফেইসবুক পোস্টের কারণে’ গ্রেপ্তার: ‘ফ্যাসিবাদের পূর্বাভাস’ বলছে জামায়াত
সাওদা সুমি

জ্বালানি সংকট নিয়ে ফেইসবুকে মন্তব্য করায় ভোলায় ‘সাওদা সুমি’ নামে এক জামায়াত নেত্রীকে গ্রেপ্তারের ঘটনায় জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন দলটির একজন এমপি।

গ্রেপ্তারের ঘটনাকে ‘ফ্যাসিবাদী সরকারের পূর্বাভাস’ আখ্যা দিয়ে মঙ্গলবারের মধ্যেই ওই নারীর মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিরোধী দলীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম খান।

মঙ্গলবার জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে বিষয়টি তোলেন তিনি। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

রফিকুল ইসলাম বলেন, “সাওদা সুমি নামে এক নারী ফেসবুক স্ট্যাটাস শেয়ার করায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। বলা হয়েছে, ‘উপরের নির্দেশে’ তাকে গ্রেপ্তার ও মামলা দেওয়া হয়েছে। আমার প্রশ্ন হল, ‘উপরের নির্দেশ’ বলতে তারা কাকে বুঝিয়েছেন?”

স্পিকারের মাধ্যমে তিনি সরকারের কাছে দাবি জানান, মঙ্গলবারের অফিস সময়ের মধ্যেই ওই নারীকে মুক্তি দিতে হবে এবং মামলা প্রত্যাহার করতে হবে।

তার ভাষায়, “এই গ্রেপ্তারের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পূর্বাভাস পাওয়া যায়। অথচ এ সরকারতো গণতান্ত্রিক সরকার, তাহলে মানুষ কি কথা বলতে পারবে না?”

রফিকুল ইসলাম খানের বক্তব্যের জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিষয়টি পয়েন্ট অব অর্ডার হিসেবে গৃহীত হচ্ছে না, কারণ এ ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধির উল্লেখ করা হয়নি।

তবে বিরোধীদলীয় নেতার পক্ষ থেকেও বিষয়টি নজরে আনা হয়েছে জানিয়ে স্পিকার বলেন, “তবুও যেহেতু আপনি বিষয়টি বলেছেন এবং বিরোধীদলীয় নেতা এ বিষয়ে আমার সঙ্গে যোগাযোগ করেছেন, আমি সমস্যাটি সমাধানের চেষ্টা করেছি।”

সংসদে বসে “রাজপথের ভাষায় আল্টিমেটাম দেওয়া ঠিক নয়” বলেও মন্তব্য করেন স্পিকার। তিনি বিধি অনুসারে প্রস্তাব আকারে বিষয়টি তোলার পরামর্শ দেন।

একই সঙ্গে স্পিকার বলেন, “ফেইসবুকে প্রতিদিন অনেকেই সরকারকে নিয়ে নানা মন্তব্য করে, সবকিছু আমলে নিলে সংসদ অন্য কাজ করতে পারবে না।”

“তবুও বিষয়টি যেহেতু বিরোধী দলীয় নেতা জানিয়েছেন, আমরা তা খেয়াল করছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেব।”

তথ্যসূত্র: বিডিনিউজ