সোমবার, জুন ২২, ২০২৬

দুর্গাপুর আগুনে পুড়ল পানবরজ, মাদকসেবিদের দায়ী করছেন পানচাষী

দুর্গাপুর প্রতিনিধি ০৭ এপ্রিল ২০২৬ ১০:৩৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
দুর্গাপুর প্রতিনিধি ০৭ এপ্রিল ২০২৬ ১০:৩৭ অপরাহ্ন
দুর্গাপুর আগুনে পুড়ল পানবরজ, মাদকসেবিদের দায়ী করছেন পানচাষী

দুর্গাপুর উপজেলার আলীপুর গ্রামের একটি পানবরজে দিনের বেলায় আগুন ধরিয়ে দিয়েছে কে বা কারা। এতে রাকিবুল হাসান নামের (২৬) এক পান চাষী যুবকের পানবরজ পুড়ে ছাই হয়ে যায়।  মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। 


এদিকে, পুড়ে যাওয়া পানবরজের পাশ থেকে বাংলা মদের দুটি বোতল ও গাঁজাসেবনের সরঞ্জামাদি পাওয়া গেছে বলে দাবি কারে তার নিজ ফেসবুক আইডিতে আবেগঘন পোস্ট করেছেন ক্ষতিগ্রস্ত ওই যুবক। 


তিনি ফেসবুক পোস্টে লেখেন, আমার পানবরজে গাঁজা ও বাংলা মদ খেয়ে আমার পানবরজে আগুন ধরিয়ে দিয়ে আমার রিযিক নষ্ট করে দিয়েছে। এই হলো পুড়ে যাওয়া পানবরজের অবস্থা।  এতে ছবি গুলোতে দেখা যায় আগুনে পানবরজ পুড়ে ছাই হয়ে গেছে।  পাশে দুটো বাংলা মদের দুটি বোতল পড়ে আছে।


ক্ষতিগ্রস্ত যুবক রাকিবুল হাসান দাবি করেন, ধারদেনা করে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ১৫ কাঠা জমিতে পানবরজ গড়ে তোলেন তিনি। পানও হয়ে ছিল বেশ ভাল। মঙ্গলবার দুপুরে মাদকসেবিদের কারণে তার স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার তিন থেকে সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। রাকিব আরও বলেন, বরজের আশপাশে অনেকেই দেশীয় মাদকসেবন করেন। ধারণা করা হচ্ছে বাংলামদ ও গাঁজাসেবনের সময় তীব্র দাবদাহে বরজে আগুন লাগে। 


স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে হঠাৎ পানবরজে আগুন দেখতে পান লোকজন। এ সময় খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন এসে জলমোটর ও বিভিন্ন উপায়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসের একটি টিম ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।


দুর্গাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম প্রধান আল আমিন বলেন, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যেরা মিলে পানবরজের আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তদন্ত করে ক্ষতির পরিমাণ জানাতে পারবেন বলে এই কর্মকর্তা জানান।


দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় কোন অভিযোগ পাইনি। ভুক্তভোগী অভিযোগ করলে ঘটনা খতিয়ে দেখা হবে।