যৌন হয়রানি ও নিপীড়নের দায়ে গোলাম রাব্বানীকে চাকরিচ্যুত
একাধিক যৌন হয়রানি ও নিপীড়ন করার দায়ে মাছরাঙ্গা টেলিভিশনের রাজশাহীস্থ স্টাফ রিপোর্টার গোলাম রাব্বানীকে চাকরিচ্যুত করা হয়েছে।
মাছরাঙ্গা টেলিভিশনের এইচআর বিভাগের কর্মকর্তা মাসুদ পারভেজ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মাছরাঙ্গা টেলিভিশনের সকল কার্যাদি থেকে গোলাম রাব্বানীকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তার সাথে মাছরাঙ্গা টেলিভিশনের আর কোন সম্পৃক্ততা নেই।
উল্লেখ্য, মাছরাঙ্গা টেলিভিশনের স্টাফ রিপোর্টার এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া এডভাইজার ও খণ্ডকালীন শিক্ষক গোলাম রাব্বানী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নারী শিক্ষার্থীদের আমানা গ্রুপের মাধ্যমে পরিচালিত অনলাইন নিউজ পোর্টাল স্কাইবাংলা নেট এবং মাছরাঙ্গা টেলিভিশনে ইন্টার্নশিপ ও নিয়োগ দেয়ার প্রলোভন দেখিয়ে তাদের যৌন হয়রানি ও নিপীড়ন করেন।
এর প্রেক্ষিতে ভূক্তভোগী শিক্ষার্থীরা গত ৭ অক্টোবর আমানা গ্রুপের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং মাছরাঙ্গা টেলিভিশন ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট গোলাম রব্বারীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগ দাখিল করেন।
পরবর্তীতে মাছরাঙ্গা টেলিভিশন কর্তৃপক্ষ গোলাম রাব্বানীর বিরুদ্ধে আনীত অভিযোগ নিজস্ব ম্যাধ্যমে তদন্ত করে সত্যতা পাওয়ার প্রেক্ষিতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে গত বুধবার তাকে এই টেলিভিশন চ্যানেল থেকে চাকরিচ্যুত করে।