স্বেচ্ছাসেবক দল নেতার ধর্ষণ-হুমকি মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন
ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে রাজশাহীর স্বেচ্ছাসেবক দল নেতা মনিরুজ্জামান শান্তর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এতে স্বেচ্ছাসেবক দলের রাজশাহী মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী, মনিরুজ্জামানের আত্মীয়-স্বজন ও এলাকার লোকজন অংশ নেন। মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য (দফতরের দায়িত্বে) সৈকত পারভেজ।
বক্তারা দাবি করেন, মনিরুজ্জামান শান্ত ভালো ছেলে। তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয়েছে। তারা অবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবি জানান। মানববন্ধন থেকে মামলা দায়ের করা বিশ্ববিদ্যালয় ছাত্রীকে নিয়ে নানা আপত্তিকর কথাও বলা হয়।
উল্লেখ্য, মনিরুজ্জামান শান্ত নগরীর বোয়ালিয়া (পশ্চিম) থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। তার বাড়ি নগরের বোয়ালিয়া থানার বড়কুঠি এলাকায়। ওই এলাকায় তিনি এবং তার ভাই একটি মোটরসাইকেল গ্যারেজ পরিচালনা করেন। রাজশাহীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর (২৩) অভিযোগ, মোটরসাইকেল পার্কিংয়ের টিকিট নিতে না চাইলে গত শনিবার সন্ধ্যায় মনিরুজ্জামান প্রকাশ্যেই তাকে ধর্ষণের হুমকি দিয়েছেন।
এ নিয়ে পরদিন রোববার সকালে তিনি থানায় মামলা করেছেন। এতে শান্ত ও তার ভাই শুভকে আসামি করা হয়। তবে পুলিশ এখনও কাউকে গ্রেফতার করেনি। এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে এলাকায় একটি পূজামণ্ডপে হামলা ও ভাঙচুরের অভিযোগে শান্তর বিরুদ্ধে মামলা হয়। এই মামলাতেও তাকে গ্রেফতার করা হয়নি। পুলিশের দাবি, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।