সোমবার, জুন ২২, ২০২৬

ইরান যুদ্ধে রাশিয়ার তেলের আয় বেড়ে দ্বিগুণ

সোনার দেশ ডেস্ক ০৯ এপ্রিল ২০২৬ ০৯:৪৫ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ০৯ এপ্রিল ২০২৬ ০৯:৪৫ অপরাহ্ন
ইরান যুদ্ধে রাশিয়ার তেলের আয় বেড়ে দ্বিগুণ

বার্তা সংস্থা রয়টার্সের হিসাব অনুযায়ী, ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলার ফলে সৃষ্ট তেল-গ্যাস সংকটের কারণে জ্বালানি তেল থেকে রাশিয়ার প্রাপ্ত করের আয় এপ্রিল মাসে দ্বিগুণ হয়ে প্রায় ৯ বিলিয়ন ডলার হবে।


এটি ইরান যুদ্ধের ফলে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে রাশিয়ার ফায়দা পাওয়ার প্রথম স্পষ্ট প্রমাণগুলোর মধ্যে একটি।


তেল ব্যবসায়ীরা বলছেন, এটি সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে গুরুতর জ্বালানি সংকট।


মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার পর ইরান বৈশ্বিক জ্বালানির প্রায় এক-পঞ্চমাংশ সরবরাহের পথ হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেয়।


এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারে উপরে চলে যায়।


রয়টার্সের প্রাথমিক উৎপাদন ডেটা এবং তেলের দাম অনুযায়ী হিসাব করলে, রাশিয়ার খনিজ উত্তোলন কর (মিনারাল এক্সট্র্যাকশন ট্যাক্স) এপ্রিল মাসে প্রায় ৭০০ বিলিয়ন রুবল (৯ বিলিয়ন ডলার) হবে, মার্চে যা ছিল ৩২৭ বিলিয়ন রুবল।


এ আয় গত বছরের এপ্রিলের তুলনায় প্রায় ১০% বেশি।


২০২৬ সালের জন্য রাশিয়ার বাজেটে খনিজ উত্তোলন কর থেকে আয় ৭.৯ ট্রিলিয়ন রুবল নির্ধারণ করা রয়েছে।


রাশিয়ার অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রাশিয়ার অপরিশোধিত তেলের গড় দাম মার্চে ব্যারেলপ্রতি ৭৭ ডলার উঠেছে, যা অক্টোবর ২০২৩ সালের পর সর্বোচ্চ।


এই মূল্যবৃদ্ধি ফেব্রুয়ারিতে ব্যারেলপ্রতি ৪৪.৫৯ ডলার থেকে ৭৩% এবং এ বছরের বাজেটে ধার্য ব্যারেলপ্রতি ৫৯ ডলারের চেয়েও বেশি।


রাশিয়ার অতিরিক্ত আয়ের পরিমাণ নির্ভর করবে ইরান সংকট কতদিন স্থায়ী হয় তার উপর।


তথ্যসূত্র : রয়টার্স, বাংলানিউজ