মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

পুলিশের বড় কর্তাদের বাঁচিয়ে ছোটদের সাজা: আবু সাঈদের বাবা

সোনার দেশ ডেস্ক ০৯ এপ্রিল ২০২৬ ০৯:৪৬ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০৯ এপ্রিল ২০২৬ ০৯:৪৬ অপরাহ্ন
পুলিশের বড় কর্তাদের বাঁচিয়ে ছোটদের সাজা: আবু সাঈদের বাবা
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আবু সাঈদের বাবা মকবুল হোসেন ও মা মনোয়ারা বেগম।

জুলাই গণঅভ্যুত্থানের ‘প্রতীক’ হয়ে ওঠা রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন সাজা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।


বৃহস্পতিবার দুপুরে ঢাকায় রায় ঘোষণার পর রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর এলাকার জাফর পাড়া গ্রামের বাড়িতে সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করেন আবু সাঈদের বাবা মকবুল হোসেন ও মা মনোয়ারা বেগম।


হত্যাকাণ্ডে ‘মাত্র দুজনকে’ মৃত্যুদণ্ড দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে মকবুল হোসেন বলেন, “ছাত্রলীগের সাবেক সভাপতি পোমেল বড়ুয়া আমার ছেলের গলা টিপে ধরেছিল, তার সর্বোচ্চ শাস্তি হল না। আরও কঠোর সাজা দেওয়া দরকার ছিল। আরও অনেককে ফাঁসি দেওয়া দরকার।”


রায়ে পুলিশের বড় কর্মকর্তাদের বাঁচিয়ে দিয়ে ছোটদের সাজা দেওয়া হয়েছে দাবি করে তিনি বলেন, “অনেক অপরাধী পালিয়ে গেছে। বড় অপরাধীদের এড়িয়ে যাওয়া হয়েছে। সরকারের কাছে আমার দাবি, যারা পালিয়ে গেছে, তাদের ধরে এনে ফাঁসি দিতে হবে।”


আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে পরবর্তীতে পরিবারের পক্ষে থেকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মকবুল হোসেন।


আবু সাঈদের মা মনোয়ারা বেগম বলেন, “আরও বেশি আসামির ফাঁসি দিলে খুশি হতাম। এ রায়ে আমরা খুশি নই। আমার ছেলে অনেক অত্যাচারের শিকার।”


জুলাই আন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল।


এদিন দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় দেয়।


বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষণা করে। বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর ট্রাইব্যুনালের সদস্য হিসেবে রয়েছেন।


তথ্যসূত্র: বিডিনিউজ