মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার আগে ইসলামাবাদে ২ দিনের সরকারি ছুটি

সোনার দেশ ডেস্ক ০৯ এপ্রিল ২০২৬ ০৯:৪৭ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ০৯ এপ্রিল ২০২৬ ০৯:৪৭ অপরাহ্ন
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার আগে ইসলামাবাদে ২ দিনের সরকারি ছুটি
পাকিস্তানের ইসলামাবাদ। প্রতিনিধিত্বশীল ছবি। ছবি: আরি নিউজ

যুক্তরাষ্ট্র-ইরান সম্ভাব্য শান্তি আলোচনার আগে রাজধানীর নিরাপত্তা জোরদারে ইসলামাবাদে ২ দিনের ছুটি ঘোষণা করেছে পাকিস্তান।


বৃহস্পতিবার ও শুক্রবার এ ছুটিতে সব স্কুল ও সরকারি কার্যালয় বন্ধ থাকবে; বিধিনিষেধ মানতে হবে যান ও সাধারণ মানুষের চলাচলেও ক্ষেত্রেও, বলেছে তুর্কি টুডে।


শহরজুড়ে নিরাপত্তা কার্যক্রম জোরদারকালে সড়কে লোকজনের উপস্থিতি কমাতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।


এ দুইদিন ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিকে যুক্ত করা গুরুত্বপূর্ণ অনেক পথও বন্ধ থাকবে।


যান চলাচল নিয়ন্ত্রণ ও সংবেদনশীল এলাকাগুলোতে প্রবেশ সীমিত করতে শহরের অনেক জায়গায় শিপিং কন্টেইনার বসানো হয়েছে।


রাওয়ালপিন্ডিতেও বৃহস্পতিবার ও শুক্রবার ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে একাধিক পাকিস্তানি গণমাধ্যম।


ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতিতে পাকিস্তানই প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে। তবে লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে যুদ্ধবিরতি টিকবে কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।


যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী শনিবার ইসলামাবাদেই যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকদলের বসার কথা।


ইরান যুদ্ধের আগে থেকেই আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ লেগে আছে পাকিস্তানের। সম্প্রতি উত্তেজনা কমাতে দুই পক্ষ একমত হলেও ইসলামাবাদ-কাবুলের মধ্যে কোনো যুদ্ধবিরতি হয়নি। তবে ইরান যুদ্ধের কারণে দুই প্রতিবেশীর এই সীমান্ত সংঘাত খুব বেশি আন্তর্জাতিক গণমাধ্যমের দৃষ্টি কাড়তে পারেনি।


মার্চে ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা এবং অঞ্চলজুড়ে তেহরানের পাল্টা হামলার মধ্যে পাকিস্তানজুড়ে শিয়ারা বিক্ষোভ-ধর্মঘটসহ নানান কর্মসূচিও পালন করেছে। তারা করাচিতে মার্কিন এক কনস্যুলেটে ঢুকে তাণ্ডবও চালায়, সেদিন পরে নিরাপত্তারক্ষীদের গুলিতে ১২ পাকিস্তানি নিহতও হয়েছে।


ইরান যুদ্ধ ঘিরে পাকিস্তানের নানা শহরে বিক্ষোভ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই ডজনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।


তথ্যসূত্র: বিডিনিউজ