বগুড়ায় ‘মাগুরা স্টাইলে’ ভোট: অভিযোগ জামায়াত প্রার্থীর
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল।
ভোট শেষ হওয়ার আধা ঘণ্টা আগে বৃহস্পতিবার বিকাল ৪টায় এক সংবাদ সম্মেলনে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এই অভিযোগ আনেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বগুড়া-৬ এবং শেরপুর-৩ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। পরে শুরু হয় ভোট গণনা।
আবিদুর রহমান সোহেল বলেন, “বগুড়ায় ‘মাগুরা স্টাইলে’ ভোট চলছে। দেশের গণতন্ত্রের স্বার্থে আমরা ভোট বর্জন করলাম না। আমরা কারচুপির বিষয় জাতিকে জানানোর জন্য মিডিয়ার সামনে হাজির হয়েছি। তবে ভোটের ফলাফল শেষ পর্যন্ত দেখব।”
জামায়াত প্রার্থী কেন্দ্রে কেন্দ্রে দলের কর্মী, পোলিং এজেন্ট বিশেষ করে নারী কর্মীদের হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ করেন।
তিনি আরাফাত নামের এক জামায়াত কর্মীকে ছুরিকাঘাত করা হয়েছে বলেও অভিযোগ করেন। এসব বিষয়ে তিনি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন।
আবিদুর রহমান সোহেল দলের কর্মী-সমর্থকদের উদ্দেশে বলেন, ফলাফল নিয়ে যেন তারা কেন্দ্র থেকে বের হন।
তিনি বলেন, “ভোটারদের ভয়ভীতি দেখানো, জাল ভোট প্রদান, এজেন্ট বের করে দেওয়াসহ ২০টি অভিযোগ রিটার্নিং কর্মকর্তাকে দিলেও তিনি সরকারি দলের পক্ষেই কাজ করেছেন। দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে এমনই হয়। আমরা প্রধান নির্বাচন কমিশনার কাছে অভিযোগ পাঠিয়েছি।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যাপক শাহাবুদ্দিন, বগুড়া জেলা আমির অধ্যক্ষ আব্দুল হক, শহর কমিটির সেক্রেটারি আব্দুল মালেক।
তথ্যসূত্র: বিডিনিউজ