সোমবার, জুন ২২, ২০২৬

পাওনা টাকার কথা বলে ডেকে নিয়ে অটোরিকশা চালককে হত্যা

সোনার দেশ ডেস্ক ১০ এপ্রিল ২০২৬ ১২:০৯ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১০ এপ্রিল ২০২৬ ১২:০৯ অপরাহ্ন
পাওনা টাকার কথা বলে ডেকে নিয়ে অটোরিকশা চালককে হত্যা

লক্ষ্মীপুরে পাওনা টাকা দেওয়ার কথা বলে মোবাইল ফোনে ডেকে নিয়ে ফরহাদ হোসেন (৩০) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। তার ডান চোখ উপড়ে ফেলে দুর্বৃত্তরা। 


শুক্রবার (১০ এপ্রিল) সকালে তেওয়ারীগঞ্জ ইউনিয়নের পূর্ব চরমনসা গ্রামে বাড়ির পাশের একটি ফসলি ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 


পরিবারের দাবি, পাওনা টাকা দেবে বলে এক ব্যক্তি তাকে গভীর রাতে মোবাইল ফোনে ডেকে নেয়। এরপর সকালে তার মরদেহ পাওয়া যায়। তাকে হত্যা করা হয়। 


নিহত ফরহাদ তেওয়ারীগঞ্জ ইউনিয়নের পূর্ব চরমনসা গ্রামের দিদার হোসেনের ছেলে ও পেশায় অটোরিকশা চালক ছিলেন। এক সন্তানের জনক তিনি। 


ফরহাদের স্ত্রী নার্গিস বেগম জানান, পাওনা টাকা দেবে বলে বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ২টার দিকে এক ব্যক্তি তাকে ফোন করে বাড়ি থেকে ডেকে নেয়। রাতে সে আর বাড়ি ফেরেনি। ভোরে মোবাইল ফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়। সকালে বাড়ির এক কিলোমিটার দূরে ফসলি ক্ষেতে তার মরদেহ পড়ে থাকার খবর পান। টাকা লেনদেনকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে। 


লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমিনুল বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড হিসেবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


তথ্যসূত্র: ঢাকাপোস্ট