পার্বতীপুরে অবৈধ মজুতে ১২শ লিটার পেট্রোল জব্দ, গুদাম মালিককে জরিমানা
দিনাজপুরের পার্বতীপুরে অবৈধভাবে মজুত করে রাখা বিপুল পরিমাণ পেট্রোল জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)। শনিবার (১১ এপ্রিল) বিকেলে পার্বতীপুর বাস টার্মিনাল এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে প্রায় ১২শ’ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।
জানা গেছে, নীলফামারী সিপিসি-২, র্যাব-১৩ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার আশরাফুল কবির-এর নেতৃত্বে একটি আভিযানিক দল পার্বতীপুর বাস টার্মিনাল সংলগ্ন একটি গুদামে অভিযান চালায়। এ সময় গুদাম থেকে অবৈধভাবে মজুত করে রাখা বিপুল পরিমাণ পেট্রোল জব্দ করা হয়।
গুদামটির মালিক রায়হানুল ইসলাম, তিনি উপজেলার হুগলীপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে বলে জানা যায়।
অভিযানকালে উপস্থিত থেকে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাদ্দাম হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে গুদাম মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও জব্দকৃত পেট্রোল খোলা বাজারে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
র্যাব-১৩ জানায়, জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি ও অবৈধ মজুত রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।