রাজশাহী অঞ্চলের সম্ভাবনা
পানির বিষয়টি অগ্রাধিকার পেতে পারে
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর ১০ এপ্রিল রাজশাহী সফরে এসেছিলেন। তিনি রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় যোগ দেন। মতবিনিময় সভাটি রাজশাহী অঞ্চলের উন্নয়ন-সম্ভাবনা বিষয়ের প্রতি আলোকপাত করা হয়। রাজশাহী অঞ্চলের বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে শিল্পায়নের পাশাপাশি কৃষিভিত্তিক উন্নয়নের প্রতি গুরুত্বারোপ করা হয়। আর্থ-সামাজিক উন্নয়ন-অগ্রগতিতে মতবিনিময় সভার সুপারিশ সমূহ এ অঞ্চলের সম্ভাবনার বাস্তবিক পথরেখা তৈরি করবে, তেমন প্রত্যাশা করা যায়। প্রধানমন্ত্রীর উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেছেন,
এ অঞ্চলের কৃষি উৎপাদনকে কেন্দ্র করে শিল্প গড়ে তোলা গেলে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে।
রাজশাহী জেলা প্রশাসন আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ। সভায় বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ফরিদুল ইসলাম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. জিললুর রহমান, জেলা প্রশাসক রাজশাহী কাজী শহিদুল ইসলাম, জেলা প্রশাসক নাটোর আসমা শাহীন, জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ আবু ছালেহ মো. মুসা জঙ্গী, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যবসায়ী ও কৃষি উদ্যোক্তারা।
সভায় তিন জেলার ব্যবসায়ী, কৃষি উদ্যোক্তা ও জনপ্রতিনিধিরা তাদেও নিজ অবস্থান থেকে রাজশাহী অঞ্চলের ব্যবসা-প্রতিবন্ধকতাগুলো তুলে ধরেন। উত্তরাঞ্চলের শিল্পোন্নয়নে প্রধান বাধা হিসেবে গ্যাস সংকটের বিষয়টি উঠে এসেছে। অংশিজনদের ভাষায় গ্যাসের অভাবে সম্ভাবনাময় শিল্পখাত স্থবির হয়ে আছে, নতুন বিনিয়োগ আসছে না এবং প্রস্তুত প্রকল্পও চালু করা যাচ্ছে না। এতে কর্মসংস্থান সৃষ্টি ও আঞ্চলিক অর্থনীতির বিকাশ ব্যাহত হচ্ছে।
রাজশাহী অঞ্চলের আর্থ-সামজিক উন্নয়নের ক্ষেত্রে সমস্যা ও সম্ভাবনাকে অগ্রাধিকার ভিত্তিতে চিহ্নিত করা দরকার। এ অঞ্চলের শিল্প বিকাশে গ্যাসই একমাত্র সমস্যা নয়। রাজশাহী অঞ্চলের ভূ-প্রকৃতি বিবেচনায় নিয়ে পরিকল্পনা ও কৌশল গ্রহণের আবশ্যকতা আছে। এ অঞ্চলে যে সমস্যাটি প্রকটরূপে সামনে এসেছে তা হলো পানি। একদিকে ভূ-গর্ভস্থ পানির ব্যবহার বিপদের ঝুঁকি তৈরি করেছে, আবার ভূ-উপরিস্থ পানিস্তর যে দ্রুততার সাথে নিম্নগামী হচ্ছে তা অত্যন্ত ভয়াবহ বলেই ধারণা করা হচ্ছে।
এ অঞ্চলের কৃষির সম্ভাবনার কথা বলা হচ্ছে কিন্তু পানির যে সঙ্কট দেখা দিয়েছে তার সমাধানটা খুবই জরুরি। আর পানি এমনই এক খনিজ যা ছাড়া বাকি সম্ভাবনার কথা ভাবাই যায় না। রাজশাহী অঞ্চলের টেকসই উন্নয়ন-অগ্রগতির কথা ভাবতে গেলে পানিকে অগ্রাধিকার দিয়েই তা ভাবতে হবে এবং সেটিই বাস্তবসম্মত হবে।