সোমবার, এপ্রিল ২০, ২০২৬
বাংলা নববর্ষ ১৪৩৩

নতুন বছর ভ্রাতৃত্ব ও সৌহার্দের বার্তা বয়ে আনুক

সোনার দেশ ১৩ এপ্রিল ২০২৬ ১০:৩৬ অপরাহ্ন সম্পাদকীয়
সোনার দেশ ১৩ এপ্রিল ২০২৬ ১০:৩৬ অপরাহ্ন
নতুন বছর ভ্রাতৃত্ব ও সৌহার্দের বার্তা বয়ে আনুক

আজ পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ, ১৪৩৩ সন। বাংলা নববর্ষ বাঙালি জাতির এক মহান উৎসব। ধর্ম-বর্ণ, ধনি-গরিব নির্বিশেষে এক হয় বর্ষবরণের উৎসব-আয়োজনে। রঙে-আনন্দে, উচ্ছ্বলতায়, আবেগাপ্লুতায়, চিন্তা ও ভাষায় উদ্ভাসিত হবে চারদিক, আনন্দ আলোয় ভরে উঠবে সারা দেশ। উৎসবের সবটুকুই মানুষের মঙ্গল কামনায়, কল্যাণ ভাবনায়। এই দিনে বাঙালিরা ঐক্যবদ্ধ হয়, বিশ্ব মানুষের সাথে নিজেদের পরিচয় ঘোষিত হয়- শান্তি, ঐক্য, প্রেম-ভালবাসা, পরম ভ্রাতৃত্ব ও সৌহার্দের বার্তায়।


পহেলা বৈশাখ বিশ্ব মানবতার সমর্থনে শপথেরও দিন। বিশ্বের অন্য নববর্ষের চেয়ে বাংলা নববর্ষ উদযাপনের এখানেই পার্থক্য, চরিত্র ও বৈশিষ্ট্যের ভিন্নতা। বাংলা নববর্ষ- উৎসব-আয়োজনে ক্ষুদ্রতার কোনো অবকাশ নেই। এ উৎসব বিশ্বজনিন হয়ে উঠে- ভাব ও বৈভবে, নীতি ও নৈতিকতায়, চিন্তার উৎকর্ষতায়, প্রেম ও ভালবাসায়, সুখ ও বেদনার রসে ছাপিয়ে যায় দেশ থেকে দেশান্তরে।


বাংলা নববর্ষ বাঙালির চেতনায়-অনুভবে সাহস ও শক্তি যোগায়, যেমন যুগিয়েছে বিতানো দিনগুলোতে। অসাম্প্রদায়িক চেতনার বাঙালির রাজনৈতিক উদ্দেশ্যেরও পথনির্দেশক বাংলা নববর্ষ। সমাজ-সংস্কৃতি, অর্থনীতি ও রাজনীতিতে সুস্পষ্ট দার্শনিক ভিত্তি তৈরি করে দিয়েছে নববর্ষ। এই দর্শন মানব-মিলনের, মানবিক মূল্যবোধের।  সেই শপথের ইস্পাত কঠিন ঐক্য থেকেই মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের স্পর্ধিত অভ্যুদয় হয়েছে। 


বাংলা নববর্ষ এক অবিনাশী চেতনার প্রদীপ্ত অগ্নিশিখা। একে নেভান যায় না, যায়নি- যাবে না কোনো দিন। যারা এই আগুনকে নেভাতে চায়, তারাই বার বার পুড়ে মরেছে। স্বৈরতন্ত্র কিংবা ফ্যাসিবাদ দিয়ে জাতিকে দমানো সম্ভব হয়নি, আগামিতেও হবে না। আবহমানকাল ধরে এই অগ্নিধারায় স্নান করে যে বাঙলি জাতি শুচি-শুভ্র হয়েছে সে তো আগুনেরই সন্তান। সে জাতির ললাটে কলঙ্কটিকা আঁকে কার সাধ্য! তাইতো বাঙালির এই সংস্কৃতি এখন বিশ্ব ঐতিহ্যেরও অংশ হয়ে গেছে। ২০১৬ সালের ৩০ নভেম্বর ইউনেস্কো মঙ্গল‘ শোভাযাত্রাকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের মর্যাদা দিয়েছে। বাঙালির সংস্কৃতি তাইÑ যা বিকশিত হয় বিশ্ব ব্যাপিয়া।


নতুন বছর সকল জরা ও গ্লানি মুছে দিয়ে, নবতর সংগ্রামের শপথে ঐক্যবদ্ধ বাঙালির জীবনে সুখ, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ বয়ে আনুক, গণতন্ত্র যাত্রায় জাগরণ সৃষ্টি হোক- এটাই প্রত্যাশা।


বাংলা নববর্ষ-১৪৩৩ সবার জন্য শুভ হোক, কল্যাণময় হোক।


সোনার দেশের পাঠক, লেখক, শুভানুধ্যায়ী ও সংবাদকর্মীদের জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা।