নাটোরে পহেলা বৈশাখ উদযাপন
নাটোরে বর্ণাঢ্য আয়োজন এর মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে শহরের মহারাজা জগদিন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় এবং কলেজের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নাটোর রানী ভবনের রাজবাড়ী চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে উন্মুক্ত মঞ্চে জাতীয় সংগীতের মধ্যে দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এর পরে বিভিন্ন নৃত্য গীত বাদ্য লাঠি খেলা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী উন্মুক্ত মঞ্চের পেছনেই জেলা প্রশাসনের আয়োজনে পান্তা পরিবেশন করা হয়। অপরদিকে তাথৈ নৃত্যকলার আয়োজনে সোমবার রাতে জেলা পরিষদ মিলনায়তনে সাংস্কৃতিক সংগঠনটির বর্ষপূর্তি উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজনদের সংবর্ধনার আয়োজন করা হয়।
এছাড়াও নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ প্রাঙ্গনেও পহেলা বৈশাখের অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি, জেলা প্রশাসক আসমা শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার খায়েরসহ প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তবৃন্দ উপস্থিত ছিলেন । এছাড়াও সকল উপজেলায় নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।