বর্ণাঢ্য আয়োজনে রাবিতে নববর্ষ উদযাপন
বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ঐতিহ্যবাহী বাংলা নববর্ষ (১৪৩৩) উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের চারুকলা চত্বরে মুক্তমঞ্চে বর্ষবরণের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম।
সেখানে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, চারুকলা অনুষদের অধিকর্তা প্রফেসর মোহাম্মদ আলী, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বেলা ১০টায় অনুষ্ঠিত হয় ’বৈশাখী শোভাযাত্রা’। এটি চারুকলা চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় উপাচার্য, উপ-উপাচার্যদ্বয়সহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
বর্ষবরণ উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র-সংসদের (রাকসু) ক্রীড়া ও খেলাধুলা বিভাগ শহীদ বুদ্ধিজীবী চত্বরে আবহমান বাংলার ঐতিহ্যবাহী ‘মেঠো খেলা’র আয়োজন করে। সেখানে রাকসু সভাপতি উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম, কোষাধ্যক্ষ প্রফেসর মো. সেতাউর রহমান, সহ-সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার প্রমুখ উপস্থিত ছিলেন। রাকসু ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক মোছা. নার্গিস খাতুন এই আয়োজনে সভাপতিত্ব করেন।
এদিন সন্ধ্যায় শহীদ মিনার মুক্তমঞ্চে রাকসু’র সাংস্কৃতিক বিভাগের আয়োজনে ছিলো ‘লোকসুরে নববর্ষ’ শীর্ষক সংগীতানুষ্ঠান।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নিজ নিজ কর্মসূচির মাধ্যমে বর্ষবরণ উদযাপন করে।#