পোরশায় খাল পুন:খননের উদ্বোধন
নওগাঁ পোরশা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের মাক্তাপুর ব্রিজ হতে হাতিখোচা বিল অভিমুখে ৫কিলোমিটার খাল পুন:খনন কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার মাক্তাপুর ব্রিজ এলাকায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খালের মাটি খনন করে কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো: মোস্তাফিজুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোতাহার হোসেন সুফি শাহ্, সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান শাহ্ প্রমুখ।
পরে সংসদ সদস্য মো: মোস্তাফিজুর রহমান উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আউশ ধান, তিল ও মুগ বীজ এবং সার বিতরনের উদ্বোধন করেন এবং উপজেলা প্রশাসনের আয়োজিত বিজ্ঞান মেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মামুনূর রশিদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজির আহম্মেদ প্রমুখ।