শুক্রবার, মে ০১, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২৬ ১০:২৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২৬ ১০:২৮ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ১৮ মাস বয়সের এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে অবস্থানকালে ওই শিশুর মৃত্যু হয় বলে জানিয়েছে হাসপাতালের থাকার অন্য রোগীর স্বজনরা।


তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ওই শিশুকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে স্থানান্তর করা হলেও রাতে তারা জেলা হাসপাতালেই  থেকে যান। কিন্তু রাত ২টার পর থেকে তাদের আর কোন হদিশ মিলছে না।


মৃত লামিয়া খাতুন জেলার শিবগঞ্জ উপজেলার বিরমপুরের মো. রনির মেয়ে। হাসপাতালে থাকা অন্য রোগীর স্বজনরা জানিয়েছেন, রাত ১টা থেকে দেড়টার মধ্যে ওই শিশুর মৃত্যু হয়। মৃত্যুর পর তারা ওই শিশুকে নিয়ে বাড়ি চলে যান।


২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. আব্দুস সামাদ বলেন, রাতে ১০ টার দিকে লামিয়াকে হাসপাতালে নিয়ে আসা হয়। ওই সময় তার অবস্থা খুবই খারাপ ছিলো। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড (স্থানান্তর) করা হয়। কিন্তু তারা রাতে রাজশাহী যেতে পারবেন না বলে জানান এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালেই থেকে যান।


কিন্তু রাত ২ টার দিকে হাসপাতালের চিকিৎসক ওয়ার্ডে গিয়ে ওই রোগীকে আর পায়নি। কাউকে কিছু না জানিয়েই রোগীর স্বজনরা রোগীকে নিয়ে চলে যান। তারা কোথায় গেছেন, শিশুটি বেঁচে আছে নাকি মারা গেছে এমন কোন তথ্য আমাদের কাছে নেই।  


এদিকে চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছে ১০৩ শিশু। এরমধ্যে গত ২৪ ঘণ্টাতেই ৩৯ জন। এ নিয়ে গত দেড় মাসে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি শিশুর সংখ্যা দাঁড়ালো ৬৯৫ জনে। হাসপাতাল কর্তৃপক্ষ বুধবার এ তথ্য জানিয়েছে।