গোমস্তাপুরে ব্যতিক্রম দু’টি আয়োজনে নববর্ষ পালিত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে ব্যতিক্রম দু’টি আয়োজনের মাধ্যমে। রহনপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মমতাজ বেগমের আয়োজনে পূরানো সংস্কৃতি ধরে রাখতে পান্তাভাতসহ খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়া সচেতন যুবসমাজের আয়োজনে মাদকমুক্ত সমাজ গড়তে সাইকেল র্যালি বের করা হয়। পহেলা বৈশাখের দিন এই দু’টি আয়োজন ছিল এলাকায় ভিন্ন আমেজের।
এদিকে জানা যায়,শিক্ষক মমতাজ বেগম বাংলা সংস্কৃতিগুলো বিভিন্ন সময় নতুন প্রজন্মের কাছে তুলে ধরে থাকেন রহনপুর পৌর এলাকার বাবুরঘোন মহল্লায়। তারই ধারবাহিকতায় পহেলা বৈশাখের দিন এলাকার গৃহীনি ও শিক্ষার্থীদের নিয়ে নববর্ষ উদযাপন করেছেন তিনি। ওইদিন বাহারি রঙের পোশাকের সাজসজ্জায় তার বাড়িতে উপস্থিত হন এলাকার গৃহিণী ও শিক্ষার্থীরা। সকাল থেকে সন্ধ্যায় পর্যন্ত চলে তার আয়োজন। পান্তা ভাতের সঙ্গে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। সঙ্গে নাচে গানে ছিল ভরপুর।
দুপুরে পান্তাভাতে ছিল লবন, কাঁচামরিচ, পেঁয়াজ, আম দিয়ে সজনার ডাটা খাবারে ভিন্নতার আনন্দ দেখা গেছে। নানা-নানী, দাদা-দাদির সময়সহ তার আগে কিভাবে বৈশাখ উদযাপন পালন হতো সেগুলো তুলে ধরার চেষ্টা করেছেন। হারিয়ে যাওয়া খেলাধুলাগুলো তুলে ধরার চেষ্টা করেছেন। গম্ভীরা গানের মাধ্যে পুরনো দিনে নানী-দাদীরা কিভাবে বৈশাখ মাস উদযাপন করেছে সেগুলো ফুটিয়ে তুলে ধরেছেন। অনেকে পরিবার পরিজনসহ দূর-দূরান্ত থেকে তার এই আয়োজন দেখতে আসেন। আয়োজনগুলো দেখে অনেকে মুগ্ধ হয়েছেন।
শিক্ষক মমতাজ বেগম বলেন, বাংলার হারিয়ে যাওয়া সংস্কৃতি তিনি নতুন প্রজন্মের সামনে তুলে ধরে চলেছেন। তাকে সবসময় তার পরিবার, শিক্ষার্থী ও প্রতিবেশীরা সহযোগিতা করেছেন সঙ্গে উৎসাহ দিয়েছেন। আজ গ্রামীন সংস্কৃতিক বিলুপ্তি পথে। চেষ্টা করছি নতুনদের সামনে এগুলো তুলে ধরতে।
অন্যদিকে বাংলা নববর্ষ উপলক্ষে মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। রহনপুর সচেতন যুবসমাজের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়। র্যালিটি রহনপুর মুক্তমহাদল কার্যালয়ের সামনে থেকে বের হয়ে রহনপুর পৌর শহর প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। সংগঠনের সভাপতি সারওয়ার জাহান সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ, সংগঠনটির সিনিয়র সহসভাপতি মফিজউদ্দিন নাদিম, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ সুমনসহ অন্যরা।
সংগঠনের সভাপতি সারওয়ার জাহান সুমন বলেন, পহেলা বৈশাখ বিভিন্নজন বিভিন্নভাবে আয়োজন করে আনন্দ উপভোগ করেন। তারা অন্যভাবে চিন্তা করেছেন বর্তমান সমাজ মাদক ও দুর্নীতিতে ভরা। তাই সচেতনার কোন বিকল্প নেই। তাই জনগণকে সচেতনা করার লক্ষেই এই সাইকেল র্যালি বের করা হয়।