চাঁপাইনবাবগঞ্জে হামে আক্রান্ত শিশু সংখ্যা দিন দিন বৃদ্ধি, অসহায় রোগীর পরিবার
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে হাম আক্রান্ত শিশু সংখ্যা বেশি হওয়ায় আরও একটি আইসোলেশন ওয়ার্ড চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। একটি ওয়ার্ডে রোগীর চাপ বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বুধবার (১৫ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ মশিউর রহমান।
এর আগে ৯ এপ্রিল ‘এক কক্ষেই হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছে ৬৯ শিশু’ শিরোনামে বিভিন্ন মিডিয়ায় এসংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে রোগী ও রোগীর স্বজনদের দুর্ভোগের কথা তুলে ধরা হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক বলেন, টিকা কার্যক্রম শুরু হলেও সন্দেহজনক হামের রোগী কমছেনা এবং ক্রমাগত বেড়েই চলেছে। এ অবস্থায় হাসপাতালে দ্বিতীয় আইসোলেশন ওয়ার্ড চালু হচ্ছে শিগগিরই। তিনি বলেন, আজ সকালেই আমি হচ্ছে আমার বিভিন্ন ডিপার্টমেন্ট নিয়ে বসেছিলাম। আগামী এক বা দুই দিনের মধ্যে একটা সেকেন্ড আইসোলেশন দেখতে পাবেন আপনারা।
পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যাচ্ছে উল্লেখ করে মোহাম্মদ মশিউর রহমান বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে আজ সন্দেহজনক হামের রোগী ১০৩ জন। এটা আগের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। আগের সর্বোচ্চ যেটা ছিল সেটা আসলে ছাড়িয়ে গেছে। এই বিপুল পরিমাণ রোগী সামাল দেয়া আমাদের চিকিৎসক ও নার্সদের পক্ষে কষ্টকর হয়ে গেছে। কারন অন্যান্য রোগী তো কমে নি। হাসপাতালে প্রতিদিন গড়ে ৭০০ রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে। এরমধ্যে শিশুই তিন শতাধিক।
চাঁপাইনবাবগঞ্জে চলতি বছরের জানুয়ারি থেকেই হামের প্রকোপ দেখা দেয়। তবে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নেয় মাত্র ৭ জন। পরবর্তী দেড় মাসে অর্থা ১ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত শুধুমাত্র জেলা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসো নিয়েছেন ৬৯৫ শিশু।