শুক্রবার, মে ০১, ২০২৬

বিএনপির নারী এমপি হয়ে সংসদে যাচ্ছেন আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা

সোনার দেশ ডেস্ক ২০ এপ্রিল ২০২৬ ০৯:৩১ অপরাহ্ন রাজনীতি
সোনার দেশ ডেস্ক ২০ এপ্রিল ২০২৬ ০৯:৩১ অপরাহ্ন
বিএনপির নারী এমপি হয়ে সংসদে যাচ্ছেন আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা
সুবর্ণা সিকদার ঠাকুর/ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন তালিকায় আওয়ামী লীগের পদধারী নেত্রীর নাম অন্তর্ভুক্ত হওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।


যেখানে মনোনীতদের তালিকায় জায়গা করে নিয়েছেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সুবর্ণা সিকদার ঠাকুর। তিনি বিএনপির ঘোষিত চূড়ান্ত তালিকার ২০ নম্বর অবস্থানে রয়েছেন। 


একই তালিকায় নাম রয়েছে আওয়ামী লীগ সরকারের সময়ে সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে দায়িত্ব পালন করা অ্যাডভোকেট মাধবী মারমারও। তিনি তালিকার ৩৪ নম্বর অবস্থানে রয়েছেন।


জানা যায়, মাধবী মারমা ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত আওয়ামী সরকারের আমলে দলীয় এপিপি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০১৫ সালে তিনি নোটারি পাবলিক হিসেবেও দায়িত্বে ছিলেন।


সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঘোষিত ৩৬ সদস্যের চূড়ান্ত তালিকায় এই দুজনের নাম প্রকাশিত হয়, যা রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।


দলীয় ঘোষণার পর থেকেই তাদের অন্তর্ভুক্তি নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। ক্ষমতাসীন দলের সঙ্গে অতীত সম্পৃক্ততা থাকা সত্ত্বেও বিএনপির মনোনয়ন পাওয়ায় বিষয়টি কৌশলগত সিদ্ধান্ত কি না— তা নিয়েও চলছে বিশ্লেষণ।


এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। মনোনীতদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।


রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের মনোনয়ন ভবিষ্যৎ রাজনীতিতে দলীয় প্রার্থী বাছাই প্রক্রিয়ায় নতুন বাস্তবতা ও কৌশলগত দৃষ্টিভঙ্গির প্রতিফলন হতে পারে।


তথ্যসূত্র: জাগোনিউজ