সোমবার, জুন ২২, ২০২৬

রামেক হাসপাতালে ২৪ ঘণ্টার কর্মবিরতি ইন্টার্ন চিকিৎসকরা

নিজস্ব প্রতিবেদক ২১ এপ্রিল ২০২৬ ১১:৪৫ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২১ এপ্রিল ২০২৬ ১১:৪৫ পূর্বাহ্ন
রামেক হাসপাতালে ২৪ ঘণ্টার কর্মবিরতি ইন্টার্ন চিকিৎসকরা

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করছে ইন্টার্ন চিকিৎসকরা। রোগীর স্বজনদের হামলার শিকার হয়ে বিচার দাবি চেয়ে কর্মবিরতির ডাক দিয়েছে ইন্টার্ন ডক্টরস সোসাইটি।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টা থেকে এই কর্মসূচি শুরু হয়। এর ফলে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে এবং দূর-দূরান্ত থেকে আসা রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

মঙ্গলবার সকাল থেকে কর্মবিরতি পালনের পাশাপাশি ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতাল প্রাঙ্গণে অবস্থান নেন। এছাড়া বুধবার সকাল ৯টায় হাসপাতাল প্রাঙ্গণে এক ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচির ঘোষণাও দেওয়া হয়েছে।

ইন্টার্ন ডক্টর সোসাইটির প্রতিনিধি তানভীর আহমেদ তৌকির বলেন, রোববার ও সোমবার পরপর দুইদিন তিনজন ইন্টার্ন চিকিৎসক লাঞ্ছিত হয়েছেন। রোববার রাতে ১৩ নম্বর ওয়ার্ডে দুজন পুরুষ ইন্টার্ন চিকিৎসক রোগীর স্বজনদের দ্বারা হেনস্তার শিকার হন। সোমবার রাতে ৩৬ নম্বর ওয়ার্ডে এক নারী ইন্টার্ন চিকিৎসককে একদল লোক ঘিরে ধরে হেনস্তা করে। এই ঘটনাগুলোর কোনো সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে।

ইন্টার্ন চিকিৎসক আবিরা সুলতানা বলেন, আমরা প্রতিদিন গড়ে ১৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন সেবা দিই। কিন্তু কর্মস্থলে আমাদের কোনো নিরাপত্তা নেই। বারবার হেনস্তার শিকার হতে হচ্ছে। নিরাপদ কর্মপরিবেশ ও সুরক্ষা নিশ্চিত করতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবি আদায় ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার একটি বড় অংশ সামাল দেন। তারা কর্মবিরতিতে থাকায় ওয়ার্ডগুলোতে চিকিৎসকের সংকট দেখা দিয়েছে। বিশেষ করে জরুরি বিভাগ ও ভর্তি হওয়া রোগীদের নিয়মিত পরীক্ষা-নিরীক্ষায় ধীরগতি লক্ষ্য করা গেছে।

এক রোগীর স্বজন বলেন, হাসপাতালে ডাক্তারদের মধ্যে ইন্টার্নরাই সবচেয়ে বেশি সময় দেন। তারা কাজ বন্ধ রাখায় আমরা কোনো সেবা পাচ্ছি না। দ্রুত এই সমস্যার সমাধান হওয়া দরকার।

এর আগে চিকিৎসকের অবহেলায় এক নারীর মৃত্যু অভিযোগ উঠে। মৃত ওই নারীর নাম জুলেখা বেগম( ৪৫) তিনি রাজশাহীর চারঘাট এলাকার ধর্মঘটা গ্রামের  আলম আলীর স্ত্রী।  এনিয়ে প্রতিবাদ করতে গেলে ঢাকায় সেনাবাহিনীতে কর্মরত ছেলে সোহেলকে পিটিয়ে জখম করেছে ইন্টার্ন চিকিৎসকরা। এরপর তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ আকরামুল হক বলেন, ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগে সোহেলকে থানায় পাঠানো হয়েছে। তবে কোন মামলা দায়ের করা হয়নি।

এর আগে গতকাল রোববারও  হাসপাতালে ১৩ নম্বর ওয়ার্ডে  চিকিৎসার অবহেলার অভিযোগ  এক ব্যক্তির মৃত্যু হয়। ইন্টার্ন চিকিৎসকদের সাথে রোগীর স্বজনদের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।#