ঈশ্বরদীতে গাড়ির চাকায় ওড়না পেঁচিয়ে কলেজ ছাত্রীর মৃত্যু
পাবনার ঈশ্বরদীতে ব্যাটারিচালিত অটোরিক্সার চাকার সঙ্গে গলার ওড়না পেঁচিয়ে জেসমিন আক্তার রিতু (১৮) নামে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার পাকশী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিতু উপজেলার মুলাডুলি ইউনিয়নের সরাইকান্দি গ্রামের জাহিদুল ইসলাম সরদারের মেয়ে। তিনি উপজেলার দাশুড়িয়ার মদিনাতুল উলুম মাদরাসার দ্বাদশ শ্রেণির ছাত্রী ও আলিম পরীক্ষার্থী ছিলেন। রিতুর বাবা জাহিদুল ইসলাম জানান, দাশুড়িয়ায় প্রাইভেট পড়া শেষে বান্ধবীদের সঙ্গে পাকশী এলাকায় বেড়াতে যাচ্ছিল সে।
চলার পথে তাদের বহনকারী অটোরিক্সার চাকায় রিতুর ওড়না গলায় পেঁচিয়ে ভারসাম্য হারিয়ে সড়কে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুর রহমান জানান, চলন্ত সিএনজিতে থাকা অবস্থায় অসাবধানতাবশত: গলার ওড়না অটোরিক্সার চাকার সঙ্গে পেঁচিয়ে সড়কে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে রিতুর মরদেহ তার পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে।