রাবিতে পুরাতন মর্টারশেল উদ্ধার, নিস্ক্রিয় করল পুলিশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামের পাশে পুরাতন টেনিস কোর্ট সংস্কার কাজ করার সময় আনুমানিক মুক্তিযুদ্ধের সময়কালীন একটি মর্টালশেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০ টার দিকে শ্রমিকরা মাটি খনন করতে গেলে মর্টালশেলটি দেখতে পান।
পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানালে তারা আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে শেলটি উদ্ধার করেন। এরপর দুপুর ২ টার দিকে রাজশাহী মহানগর পুলিশের বোমা নিস্ক্রিয় দলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের বদ্ধভূমির পেছনে ফাঁকা মাঠে মর্টারশেলটি নিস্ক্রিয় করে।
উদ্ধারকৃত মর্টার শেলটি কোন সময়ের হতে পারে সেটি নিশ্চিত হওয়া যায়নি। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান মনে করেন এটি স্বাধীনতা যুদ্ধের সময়ের হতে পারে।
তিনি বলেন, শেলটি অনেক পুরোনো এবং মরিচা ধরা ছিল। এটি কবের সেটি নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। তবে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গুরুত্বপূর্ণ একটা জায়গা ছিলো। এখানে পাক-সেনাদের অবস্থানও ছিলো। তাই এই শেলটি তখনকারই হতে পারে বলে মনে হয়।
শেলটি উদ্ধার ও নিস্ক্রিয় করার বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মহিবুল ইসলাম বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পুরাতন টেনিস কোর্টের মেরামতের সময় সেখানকার শ্রমিকরা এই মর্টার শেলটি পায়।
পরে মহানগর পুলিশের বোমা নিস্ক্রিয় দলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উপস্থিতিতে শেলটি নিস্ক্রিয় করে। নিরাপদভাবে এটি নিস্ক্রিয় করতে লোকালয় থেকে দুরে নিয়ে আসা হয়েছে এবং পাশেই রেললাইন থাকায় রেল কর্তৃপক্ষের সাথেও সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।