শুক্রবার, মে ০১, ২০২৬

সমাজবিজ্ঞান বিভাগ এবং পদক্ষেপ: মানবিক উন্নয়ন কেন্দ্রের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

সংবাদ বিজ্ঞপ্তি ২১ এপ্রিল ২০২৬ ১১:০১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২১ এপ্রিল ২০২৬ ১১:০১ অপরাহ্ন
সমাজবিজ্ঞান বিভাগ এবং পদক্ষেপ: মানবিক উন্নয়ন কেন্দ্রের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এবং পদক্ষেপের মধ্যে শিক্ষা, গবেষণা এবং পেশাগত উন্নয়নে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার (২১ এপ্রিল) একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে একাডেমিয়া—বেসরকারি উন্নয়ন সংস্থার সাথে কোলাবোরেশান খুবই প্রয়োজন।


শিক্ষার্থীদের বর্তমান কর্ম-বাজারে যোগ্য করে গড়ে তুলতে এর কোন বিকল্প নেই। উচ্চ শিক্ষায় বাস্তবায়িতব্য আউটকাম বেইজড এডুকেশন-এর কারিকুলামে নিয়োগকারী প্রতিষ্ঠানের পরামর্শগুলো সন্যিবেশ করা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তার আলোকে জাতীয় ও বহুজাতিক কর্পোরেশনগুলোর সাথে নানাভাবে যুক্ত হচ্ছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ।


সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর  করেন  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ (অবসরপ্রাপ্ত), বিভাগের পক্ষে স্বাক্ষর করেন বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মুন্সী ইসরাইল হোসাইন এবং পদক্ষেপের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন সম্মানিত নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ  রিসালাত সিদ্দিক ও যুগ্ম পরিচালক মো. মনিরুজ্জামান সিদ্দিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান স্কুলের সম্মানিত ডিন প্রফেসর মো. শহীদুর রহমানসহ বিভাগের শিক্ষকবৃন্দ।


সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে  Sharing the Activities of Padakhep & MoU শিরোনামে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে বিভাগের কো-অর্ডিনেটর  প্রফেসর ড. মো. মুন্সী ইসরাইল হোসাইন স্বাগত বক্তব্য প্রদান করেন। পরে কলা ও সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর মো. শহীদুর রহমান ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে. কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ(অব.) সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। এরপর পদক্ষেপের প্রতিনিধিবৃন্দ তাদের প্রতিষ্ঠানের নানা লক্ষ্য, উদ্দেশ্য এবং কর্মকান্ড সম্পর্কে আলোকপাত করেন। বক্তব্যপর্ব শেষে শিক্ষার্থীদের জন্য প্রশ্নোত্তরপর্বে পদক্ষেপের প্রতিনিধিগণ শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর প্রদান করেন।