বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

নাটোরে বাথরুম থেকে ১০৮ লিটার ডিজেল জব্দ

নাটোর প্রতিনিধি ২৩ এপ্রিল ২০২৬ ১১:০০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ২৩ এপ্রিল ২০২৬ ১১:০০ অপরাহ্ন
নাটোরে বাথরুম থেকে ১০৮ লিটার ডিজেল জব্দ

এবার নাটোরের বড়াইগ্রামে র‌্যাব ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে একটি ভাড়া বাসার বাথরুম থেকে অবৈধভাবে মজুত রাখা ১০৮ লিটার ডিজেল জব্দ করা হয়েছে।


এ ঘটনায় সজিব হোসেন নামের এক ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার ধানাইদাহ এলাকায় অভিযানের নেতৃত্ব দেন, বড়াইগ্রামের সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর। 


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ধানাইদাহ সমবায় ফিলিং স্টেশনের পেছনে মনমোহন টোব্যাকোর ম্যানেজার সজিব হোসেনের একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। 


এ সময় ওই বাসার টয়লেট থেকে অবৈধভাবে মজুত রাখা ১০৮ লিটার ডিজেল উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সজিব হোসেনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। 


একই সঙ্গে জব্দকৃত ডিজেল স্থানীয় কৃষকদের মধ্যে বাজারমূল্যে বিক্রি করা হয় এবং বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।


সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর জানান, অবৈধভাবে ১০৮ লিটার ডিজেল মজুতের দায়ে অভিযুক্ত সজিব হোসেনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জব্দকৃত জ্বালানি তেল সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের মাঝে বিক্রি করা হয়েছে।  জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।