চাঁপাইনবাবগঞ্জে খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ, স্কুল ফিডিং প্রকল্পের সরবরাহকৃত খাবার বন্ধ
মান নিয়ে নিয়ে প্রশ্ন ওঠার পর প্রশাসনের নির্দেশে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে বন্ধ রাখা হয়েছে ‘স্কুল ফিডিং প্রকল্পের’ সরবরাহকৃত খাবার।
জানা গেছে, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার ২১৩ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দেয়া হয়নি খাবার। খাবারের মান খারাপ থাকা এবং ঐ প্রতিষ্ঠানের সরবরাহকৃত খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ার খবর বিভিন্ন মিডিয়ায় প্রকাশ হওয়ার ঘটনায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন ও খাবার সরবরাহকারী বেসরকারি সংস্থা গ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের খাবার বন্ধ করে দিয়েছেন।
উক্ত প্রতিষ্ঠানের স্টোর কিপার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার স্কুল ফিডিং প্রকল্পের আওতায় দেয়া খাবার খেয়ে একটি বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী অসুস্থবোধ করেন। এরপর নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগে গাক-কে ৪০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন বলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শংকরবাটি-১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘স্কুল ফিডিং প্রকল্পের’ খাবার কয়েক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। ওই রাতেই ভ্রাম্যমাণ আদালত চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুরে গাক’র কার্যালয়ে অভিযান চালায়। সেখানে সেখানে নিম্নমানের পাউরুটি রাখার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পাউরুটির গুনগতমান নিশ্চিত করে বিদ্যালয়গুলোতে সরবরাহের নির্দেশ দেয়া হয়। পাশাপাশি সেখানে সংরক্ষিত পাউরুটির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
গাক’র স্টোর কিপার মিজানুর রহমান বলেন, ভ্রাম্যমাণ আদালতের নির্দেশের কারণে বৃহস্পতিবার উপজেলার কোন বিদ্যালয়ে খাবার সরবরাহ করা হয়নি। বিষয়টি নিয়ে গাক’র উর্ধ্বতন কর্মকর্তার চাঁপাইনবাবগঞ্জ এসেছেন। তারা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলছেন।
সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহমুদুজ্জামান বলেন, যেহেতু উপজেলা প্রশাসন মান নিয়ন্ত্রনের পর খাবার সরবরাহ করার নির্দেশ দিয়েছে, সেহেতু সেই নির্দেশনা সরবরাহকারী প্রতিষ্ঠানকে মানতে হবে। বিকল্প কোন উপায়ে বিদ্যালয়গুলোতে খাবার সরবরাহের সুযোগ নেই। তবে আমরা আশা করছি খুব শিগগিরই এ সমস্যার সমাধান হয়ে যাবে।