মার্কিন চুক্তি বাতিলের দাবিতে সংসদ ঘেরাওয়ের ঘোষণা সিপিবির
‘বৈষম্যমূলক’ মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে জাতীয় সংসদ ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আগামী ২৭ এপ্রিল এই কর্মসূচি পালন করা হবে।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে ঐতিহাসিক খাপড়া ওয়ার্ড দিবসের আলোচনা সভায় এই ঘোষণা দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। ‘শহীদ কমিউনিস্ট বিপ্লবীদের আত্মত্যাগ বৃথা যেতে পারে না, শোষণের শৃঙ্খল ভেঙে মুক্তির লড়াইকে অগ্রসর করুন’ এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে গণজমায়েত ও আলোচনা সভা করেছে সিপিবি।
সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে সিপিবির নেতারা বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির তীব্র সমালোচনা করেন। চুক্তিটিকে ‘গোলামি চুক্তি’ আখ্যা দিয়ে তারা বলেন, এই চুক্তির ফলে বাংলাদেশকে প্রাথমিকভাবে ১৫ হাজার কোটি টাকা শুল্ক দিতে হবে। চুক্তিটি পুরোপুরি বাস্তবায়িত হলে অতিরিক্ত আরও ১৯ শতাংশ শুল্ক গুনতে হবে। দেশে মার্কিন পণ্য আমদানিতে কোনো শুল্ক দিতে হবে না বলে অভিযোগ করেন তারা।
নেতৃবৃন্দ বলেন, এমন বৈষম্যমূলক চুক্তি এদেশের জনগণ মেনে নেবে না। এই চুক্তি বাতিলের দাবিতে আগামী ২৭ এপ্রিল সাধারণ জনগণকে সাথে নিয়ে সংসদ ঘেরাও করা হবে। একইসঙ্গে দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব সমুন্নত রাখতে মেহনতি শ্রমিক-জনতাকে ঐক্যবদ্ধ করে বৃহত্তর গণজাগরণ গড়ে তোলার আহ্বান জানান তারা।
আলোচনা সভায় বক্তারা ১৯৫০ সালের ২৪ এপ্রিলে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের খাপড়া ওয়ার্ডে সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডের ইতিহাস তুলে ধরেন। তারা বলেন, তৎকালীন মুসলিম লীগ সরকারের পুলিশ বাহিনী নিরস্ত্র কমিউনিস্ট রাজবন্দীদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছিল। এতে কম্পরাম সিং, সুধীন ধর, বিজন সেন, হানিফ শেখ, সুখেন্দু ভট্টাচার্য, দিলওয়ার হোসেন ও আনোয়ার হোসেন এই ৭ জন কমিউনিস্ট নেতা শহীদ হন। এটি ছিল বাংলাদেশের ইতিহাসের প্রথম জেল হত্যাকাণ্ড।
বক্তারা আরও বলেন, কমিউনিস্টদের এই আত্মদান বিফলে যায়নি, এর বিনিময়েই বাতিল হয়েছিল অমানবিক জেল কোড। তারা ঐতিহাসিক এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে ‘জাতীয় খাপড়া ওয়ার্ড দিবস’ হিসেবে ঘোষণা এবং পাঠ্যপুস্তকে এই বীরত্বগাথা অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান।
আলোচনা সভায় সিপিবির রাজশাহী জেলা সভাপতি জুলফিকার আহমেদ গোলাপের সভাপতিত্বে
প্রধান অতিথি ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ক্বাফী রতন। বিশেষ অতিথি ছিলেন সিপিবির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য রাগিব আহসান মুন্না, আমিনুল ইসলাম ফরিদ। রাজশাহী মহানগর সিপিবির সভাপতি আইয়ুব হোসেন কাইয়ুম। এছাড়াও কেন্দ্রীয় এবং জেলা ও মহানগরের নেতারা বক্তব্য দেন।