ঐতিহাসিক খাপড়া ওয়ার্ডের শহীদবেদিতে ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা
রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ঐতিহাসিক খাপড়া ওয়ার্ড দিবসে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজশাহী জেলা ও মহানগর নেতৃবৃন্দ। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় কারাগারের ভেতরে খাপড়া ওয়ার্ডের সামনে শহীদবেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ।
এ সময় দলের কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিকের নেতৃত্বে ০০ সদস্যের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির রাজশাহী জেলার সাধারণ সম্পাদক আশরাফুল হক, নগর সম্পাদকমণ্ডলীর সদস্য মনিরুদ্দীন পান্না, মনিরুজ্জামান মনির, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য বিমল চন্দ্র রাজোয়াড়, মহানগর কমিটির সদস্য রিয়াজ আহমেদ তুর্কি আলমগীর হোসেন প্রমুখ।
শ্রদ্ধা নিবেদন শেষে জেলখানার গেটে সংক্ষিপ্ত সভাও করেন নেতৃবৃন্দ। বক্তারা বলেন, ১৯৫০ সালের ২৪ এপ্রিল রাজশাহী কেন্দ্রীয় কারাগারের খাপড়া ওয়ার্ডে আন্দোলনরত কমিউনিস্ট বিপ্লবীরা পুলিশের গুলিতে নির্মমভাবে প্রাণ হারান। এই বীর শহীদেরা যুগে যুগে তরুণ প্রজন্মের জন্য অফুরন্ত প্রেরণার উৎস। তারা বর্তমান প্রজন্মের মানবিক ও সমাজতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের লড়াই-সংগ্রামে পথ দেখিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য, ১৯৫০ সালের এই দিনে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের খাপড়া ওয়ার্ডে গুলি চালিয়ে কমিউনিস্ট পার্টির সাত কর্মীকে হত্যা করে পাকিস্তানি সিপাহীরা। কারা কর্তৃপক্ষের দুর্ব্যবহার, নিম্নমানের খাবার সরবরাহ এবং কারাবিধান অনুযায়ী প্রয়োজনীয় সুযোগ না দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছিলেন রাজবন্দিরা।
নিহতরা হলেন- কমরেড বিজন সেন (রাজশাহী), কমরেড কম্পরাম সিং (দিনাজপুর), কমরেড আনোয়ার হোসেন (খুলনা), কমরেড সুধীন ধর (রংপুর), কমরেড হানিফ শেখ (কুষ্টিয়া), কমরেড সুখেন ভট্টাচার্য (ময়মনসিংহ), কমরেড দেলোয়ার হোসেন (কুষ্টিয়া)। খাপড়া ওয়ার্ডে ওই বর্বর আক্রমণে মারাত্মক আহত হয়েছিলেন ৩১জন রাজবন্দি।