মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

জনসম্পৃক্ততা বাড়াতে রূপপুর প্রকল্প এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত

ঈশ্বরদী প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২৬ ১০:৪৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২৬ ১০:৪৭ অপরাহ্ন
জনসম্পৃক্ততা বাড়াতে রূপপুর প্রকল্প এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত

পাবনার ঈশ্বরদীতে বাস্তবায়নাধীন রূপপুর পারমাণিবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং কার্যক্রমের ফিজিক্যাল স্টার্ট-আপ কার্যক্রমের উদ্বোধন ঘিরে স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি ও সরাসরি মতবিনিময়ের লক্ষ্যে রূপপুর প্রকল্পের নিকটবর্তী ‘উঠান বৈঠক’ অনুষ্ঠিত হয়েছে। ‘রূপপুর থেকে রূপান্তর’ শীর্ষক এ উঠান বৈঠকের আয়োজন করে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন কর্তৃপক্ষ।


গত বৃহস্পতিবার ও শুক্রবার সাহাপুর এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন। উঠান বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেনের সভাপতিত্বে এ রূপপুর প্রকল্পের নিরাপত্তা, পরিবেশগত প্রভাব, প্রযুক্তিগত দিক ও আর্থ-সামাজিক গুরুত্ব সম্পর্কে সহজ ভাষায় তথ্য উপস্থাপন করা হয় । অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।


প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন বলেন, স্থানীয় জনগণের সম্পৃক্ততা একটি বড় জাতীয় প্রকল্পের সফলতার মূল চাবিকাঠি। তিনি গুজব বা যাচাইবিহীন তথ্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সঠিক তথ্য অনুসরণের পরামর্শ দেন। এছাড়া, এই প্রকল্পের সূচনালগ্ন হতে এলাকাবাসীর সর্বাঙ্গীন সহযোগিতার কথা তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় বক্তব্য দেন প্রকল্পের প্রধান নিরাপত্তা কর্মকর্তা এস এম মাহমুদ আরাফাত।


উঠান বৈঠকে অংশগ্রহণকারীদের মধ্যে এলাকাবাসী মো: শাহাবুদ্দিন সেন্টু সরদার বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে ভুল ধারণা দূর হচ্ছে এবং প্রকল্পের নিরাপত্তা সম্পর্কে আস্থা তৈরি হচ্ছে, যা স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে। স্থানীয় বাসিন্দা মো: গোলজার হোসেন বলেন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কারনে এ অঞ্চলের অনেক উন্নতি সাধন হয়েছে।