বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার

সোনার দেশ ডেস্ক ২৫ এপ্রিল ২০২৬ ১২:৪১ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ২৫ এপ্রিল ২০২৬ ১২:৪১ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার
জামিল আহমেদ লিমন। ছবি: ফেসবুক থেকে নেওয়া

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে জামিল আহমেদ লিমন (২৭) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ অপর শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান চলছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জামিল যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় জিওগ্রাফি, এনভায়রনমেন্ট সায়েন্স অ্যান্ড পলিসি বিষয়ে পিএইচডি করছিলেন। এখনও নিখোঁজ অপর বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টি একই বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পিএইচডি করছিলেন।

পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে হিশাম সালেহ আবুঘারবিয়াহ (২৬) নামে একজনকে  গ্রেপ্তার করেছে। তিনি জামিলের রুমমেট ছিলেন। তাকে জিজ্ঞাসাবাদের পর ফ্লোরিডার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে শুক্রবার (২৪ এপ্রিল) জামিলের মরদেহ উদ্ধার করা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, নাহিদাকে উদ্ধারের জন্য অনুসন্ধান অভিযান এখনো চলছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, জামিল ও নাহিদাকে সর্বশেষ ১৬ এপ্রিল দেখা গিয়েছিল। ওই দিন সকাল ৯টার দিকে জামিলকে বিশ্ববিদ্যালয়ের কাছের তার ছাত্রাবাসে এবং সকাল ১০টার দিকে নাহিদাকে ক্যাম্পাসে শেষবার দেখা যায়।

পুলিশ জানায়, তাদের এক পারিবারিক বন্ধু দুই শিক্ষার্থীর সঙ্গেই যোগাযোগ করতে না পেরে কর্তৃপক্ষকে বিষয়টি জানান।

তথ্যসূত্র: রাইজিংবিডি