বগুড়ায় সাংবাদিকতায় গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন নাজমুল হুদা
বাংলার অবিসংবাদিত নেতা এ কে ফজলুল হক-এর ৬৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীতে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৫টায় কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ-এ “শেরে বাংলার কর্মময় জীবন” শীর্ষক এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে গুণীজনদের মাঝে সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. কাজী এবাদুল হক। প্রধান আলোচক ছিলেন ড. গোলাম রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. শফিকুল ইসলাম, ড. হামিদা খানম এবং মাহমুদ হোসেন খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরে বাংলা এ কে ফজলুল হকের দৌহিত্র এবং এ কে ফজলুল হক মেমোরিয়াল কাউন্সিলের তথ্য সচিব ও চিফ এডিটোরিয়াল চেয়ারম্যান সৈয়দ মার্শাল মোশাররফ।
এ সময় সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বগুড়ার শেরপুর উপজেলার রুপালী বাংলাদেশের প্রতিনিধি নাজমুল হুদা নয়নকে “শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬” প্রদান করা হয়। তাঁর বহুমুখী কর্মকাণ্ড ও গণমাধ্যমে সক্রিয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয় বলে আয়োজকরা জানান।
অনুষ্ঠানে অর্থনীতি, সাহিত্য, শিক্ষা, গণমাধ্যম, রাজনীতি, সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য দেশের বরেণ্য ব্যক্তিদের সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, চলচ্চিত্র, টেলিভিশন নাটক, শিল্প-সংস্কৃতি, চিকিৎসা ও আন্তর্জাতিক অঙ্গনেও অবদানের স্বীকৃতি তুলে ধরা হয়।