সরকারি উন্নয়ন বরাদ্দের একটি টাকাও ব্যক্তিগত কাজে ব্যয় করবো না: এমপি তালেব
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল বলেছেন, সরকারি উন্নয়ন বরাদ্দের একটি টাকাও ব্যক্তিগত কাজে ব্যয় করবো না। জনগণের কল্যাণে বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে কাজে লাগানো এবং এর স্বচ্ছতা নিশ্চিত করার অঙ্গীকার করে তিনি বলেন, সরকার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি মসজিদ, মাদরাসা ও ঈদগাহের আধুনিকায়নও সমান গুরুত্ব পাচ্ছে।
শনিবার (২৫ এপ্রিল) ঈশ্বরদীর চরসাহাপুর-দিয়াড় সাহাপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের বাউন্ডারি নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ঈদগাহ কেবল নামাজ আদায়ের স্থান নয়; এটি সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় ঐক্যের প্রতিক। এ ঈদগাহ ময়দানের উন্নয়ন সম্পন্ন হলে এলাকাবাসী আরও সুন্দর, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে ঈদের নামাজ আদায় করতে পারবেন। এই প্রকল্প বাস্তবায়িত হলে এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে এবং ঈদগাহ মাঠটি আরও সুরক্ষিত ও ব্যবহার উপযোগী হয়ে উঠবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন পাবনা জেলা সভাপতি আলহাজ্ব মো. হাফিজুর রহমান, শিল্পপতি প্রকৌশলী মো. তোজাম্মেল হক তোজাম, সাহাপুর ইউনিয়ন পরিষদেরসম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ছগির বিন নাসির। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরসাহাপুর-দিয়াড় সাহাপুর মসজিদ, মাদরাসা, কবরস্থান ও ঈদগাহ কমিটির সভাপতি হুমায়ন কবির দুলাল সরদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক তসলিম আরিফ তুষার।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ সরদার, বিএনপি নেতা ফজলুর রহমান মাষ্টার, ঈদগাহ কমিটির সভাপতি মো. নজরুল ইসলাম মালিথা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আশরাফুল উলুম কওমী মাদরাসার মুহতামিম শখ জাকারিয়া ওসমানী।