দুর্গাপুরে দুইদিন ধরে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন
রাজশাহীর দুর্গাপুর উপজেলার চুনিয়াপাড়া গ্রামে প্রেমের সম্পর্কের জেরে এক তরুণীর অনশনের ঘটনা ঘটেছে।
বিয়ের দাবিতে শুক্রবার (২৪ এপ্রিল) থেকে প্রেমিকের বাড়ির সামনে অবস্থান নিয়ে অনশন করছেন ভুক্তভোগী প্রেমিকা নিশীলা খাতুন (২১)। তার বাড়ি একই উপজেলায়।
ভুক্তভোগীর দাবি, গত সাত বছর ধরে তার সঙ্গে ফয়সাল হোসেন (২৫) নামের এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। এ সময় উভয় পরিবারের মধ্যে বিয়ে নিয়ে কথাবার্তাও হয় এবং লক্ষাধিক টাকা লেনদেন হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তবে হঠাৎ পরিস্থিতির পরিবর্তন ঘটে। অভিযোগ রয়েছে, ফয়সাল সম্প্রতি অন্য এক তরুণীকে বিয়ে করে তার বাড়িতে নিয়ে আসেন।
এ খবর জানার পর ক্ষুব্ধ হয়ে প্রেমিকা নিশীলা খাতুন ফয়সালের বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বর্তমানে অভিযুক্ত প্রেমিক ফয়সাল হোসেন পলাতক রয়েছেন বলে জানা গেছে।
এদিকে, ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
এবিষয়ে দুর্গাপুর থানার (ওসি) তদন্ত রফিকুর ইসলাম বলেন, এমন ঘটনা শুনেছি, তবে এবিষয়ে কেউ কোন অভিযোগ করেনি।