বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

সোনার দেশ ডেস্ক ২৭ এপ্রিল ২০২৬ ১০:৩৮ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ২৭ এপ্রিল ২০২৬ ১০:৩৮ অপরাহ্ন
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে দীনেশ ত্রিবেদীকে নিযুক্ত করা হয়েছে।সোমবার (২৭ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


ধারণা করা হচ্ছে, দীনেশ ত্রিবেদী শিগগিরই নতুন পদের দায়িত্বভার গ্রহণ করবেন।


ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের শাসনকালে দুই দেশের সম্পর্কে বেশ টানাপোড়েন তৈরি হয়েছিল।


বর্তমানে উভয়পক্ষই সেই সম্পর্ক মেরামতের চেষ্টা করছে। এমন প্রেক্ষাপটে নয়াদিল্লি একজন অভিজ্ঞ রাজনীতিবিদকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।


দীনেশ ত্রিবেদী বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন। প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।


২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসে। এরপর ভারত ও বাংলাদেশের সম্পর্কে বড় ধরনের অবনতি লক্ষ্য করা গিয়েছিল।


গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নতুন সরকার ক্ষমতা গ্রহণ করে। এরপর থেকে দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টায় প্রণয় ভার্মা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।


চলতি মাসের শুরুর দিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারত সফর করেন। সেই সফরে তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন।


ওই সব বৈঠকের মূল লক্ষ্য ছিল বাণিজ্য, জ্বালানি এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগসহ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা।


গত ১৭ ফেব্রুয়ারি ঢাকায় প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসেবে লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি উপস্থিত ছিলেন। এরপর থেকেই দুই পক্ষ সম্পর্ক স্থিতিশীল করতে কাজ শুরু করে।


সংসদ নির্বাচনে তার দলের বিশাল জয়ের পর তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।


তথ্যসূত্র: বাংলানিউজ