সোমবার, জুন ২২, ২০২৬

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের অধিকার ইরানের আছে: রাশিয়া

সোনার দেশ ডেস্ক ২৮ এপ্রিল ২০২৬ ০৯:২২ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ২৮ এপ্রিল ২০২৬ ০৯:২২ অপরাহ্ন
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের অধিকার ইরানের আছে: রাশিয়া

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের অধিকার ইরানের রয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া। একইসঙ্গে পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ‘ভণ্ডামি’ ও ‘জলদস্যুতার’ অভিযোগ তুলেছেন তিনি।


জাতিসংঘে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইরানকে একতরফাভাবে দায়ী করার একটি প্রচেষ্টা চলছে, যাতে মনে হয় তেহরানই প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা চালিয়েছে। কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে কোনো উপকূলীয় দেশ আক্রান্ত হলে নিজেদের নিরাপত্তার স্বার্থে তারা নিজস্ব জলসীমায় জাহাজ চলাচল সীমিত বা নিয়ন্ত্রণ করতে পারে।


রুশ এই কূটনীতিক পশ্চিমা দেশগুলোর কড়া সমালোচনা করে বলেন, কৃষ্ণসাগরে রাশিয়ার বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলার প্রতি সমর্থন দিয়ে ইউরোপীয় দেশগুলো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।


পশ্চিমাদের সঙ্গে জলদস্যুদের তুলনা টেনে তিনি বলেন, জলদস্যুরা যেমন কঙ্কাল আঁকা কালো পতাকা উড়িয়ে জাহাজে হামলা চালায়, পশ্চিমা দেশগুলো সরাসরি তা করে না।


বরং তারা একতরফা জবরদস্তিমূলক ব্যবস্থা বা নিষেধাজ্ঞার আড়ালে তাদের বেআইনি কর্মকাণ্ড আড়াল করার চেষ্টা করছে।


এ ছাড়া রাশিয়া ও ইরান যেকোনো পরিস্থিতিতে একে অপরকে সহযোগিতা ও সমর্থন দিয়ে যাবে বলে দৃঢ়ভাবে নিশ্চিত করেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ।


ইরানের উপ–প্রতিরক্ষামন্ত্রী রেজা তালাই-নিকের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। 


ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি এ বিষয়ে জানিয়েছে, রাশিয়া ও ইরানের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা এবং ঘনিষ্ঠতা দিন দিন আরও বাড়ছে। এমন পরিস্থিতিতে দুই দেশের পক্ষ থেকেই চলমান সংকট ও সংঘাত নিরসনে কূটনৈতিক সমাধানের আহ্বান জানানো হয়েছে।


তথ্যসূত্র আল-জাজিরা, বাংলানিউজ