ট্রাম্প-পুতিন ফোনালাপ, কী নিয়ে কথা হলো?
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক ফোনালাপে তিনি ইউক্রেনে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছেন। বুধবার তাদের মধ্যে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমনটি জানানো হয়েছে।
আগামী মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির বার্ষিকী উপলক্ষে ইউক্রেনে একটি সাময়িক যুদ্ধবিরতি নিয়ে দুই নেতার আলোচনার বিষয়ে ক্রেমলিন তথ্য দেওয়ার পর ট্রাম্প এ কথা জানান। ট্রাম্প বলেন, আমাদের মধ্যে ভালো আলোচনা হয়েছে, আমি তাকে দীর্ঘ সময় ধরে চিনি।
মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, পুতিনের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ হয়। তবে গত ৯ মার্চের পর এই প্রথম তাদের কোনো ফোনালাপের খবর জনসমক্ষে এলো।
আর্টেমিস টু মিশনের নভোচারীদের সঙ্গে ওভাল অফিসে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, রুশ প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলার সময় তিনি ইউক্রেন যুদ্ধে ‘সাময়িক যুদ্ধবিরতি’র পরামর্শ দিয়েছেন।
তিনি আরও বলেন, আমার মনে হয় তিনি এটি মেনে নিতে পারেন।
এরপর তিনি সাংবাদিকদের জিজ্ঞেস করেন, পুতিন এরইমধ্যে কোনো ঘোষণা দিয়েছেন কি না। রুশ প্রেসিডেন্ট গত বছরও একই ধরনের একটি যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন যা তিন দিন স্থায়ী হয়েছিল, কিন্তু কিয়েভ তাতে সায় দেয়নি।
ইরানের ইউরেনিয়াম ইস্যুতে সহায়তা
ট্রাম্প বলেন, ইরান যুদ্ধ বন্ধে চুক্তির ক্ষেত্রে অন্যতম প্রধান বাধা হলো তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম ইস্যু। পুতিন এ বিষয়ে সহায়তার প্রস্তাব দিলেও ট্রাম্প তাকে বলেন, আমি বরং চাইব আপনি ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে বেশি মনোযোগী হোন।
ট্রাম্প আরও যোগ করেন, আমি তাকে বলেছি, আমাকে সাহায্য করার আগে আমি আপনার যুদ্ধটি (ইউক্রেন যুদ্ধ) শেষ করতে চাই।
ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ অবশ্য পুতিন ইরান নিয়ে ঠিক কী প্রস্তাব দিয়েছেন, তা স্পষ্ট করেননি। তবে মস্কো এর আগে ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছিল।
উশাকভ সাংবাদিকদের জানান, দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির পরাজয়ে সোভিয়েত ইউনিয়নের ভূমিকার স্মরণে আগামী ৯ মে’র বিজয় উৎসব উদযাপনের জন্য পুতিন ইউক্রেনে একটি সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন।
তিনি বলেন, ট্রাম্প এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন।
উশাকভ আরও জানান, দেড় ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই বন্ধুত্বপূর্ণ ও গঠনমূলক ফোনালাপে ট্রাম্প আশা প্রকাশ করেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য একটি চুক্তি খুব সন্নিকটে।