বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

কবরস্থান থেকে বন্দুকসহ ১০ রাউন্ড গুলি উদ্ধার

সংবাদ বিজ্ঞপ্তি ৩০ এপ্রিল ২০২৬ ০১:৫২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ৩০ এপ্রিল ২০২৬ ০১:৫২ অপরাহ্ন
কবরস্থান থেকে বন্দুকসহ ১০ রাউন্ড গুলি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের নয়ালাভাঙ্গায় একটি কবরস্থান থেকে ১০ রাউন্ড গুলি, দুটি ম্যাগজিনসহ একটি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (২৯ এপ্রিল) রাতে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বাবুপুর মিরাটুলি এলাকায় একটি পারিবারিক কবরস্থান থেকে এসব গুলি ও বন্দুক উদ্ধার করে র‌্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি টহল দল।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে বাবুপুর মিরাটুলি এলাকায় কবরস্থানের পাশে সন্দেহজনক একটি ব্যাগের খোঁজ পায় র‌্যাব সদস্যরা।

পরে ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি তল্লাশি করে একটি দেশীয় তৈরি বন্দুক, দুটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানায় র‌্যাব।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানায় র‌্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।