দুর্গাপুরে দিনে-দুপুরে ভ্যান ছিনতাইচেষ্টা, গণধোলায়ের শিকার
রাজশাহীর দুর্গাপুরে প্রকাশ্যে দিনে-দুপুরে ভ্যানগাড়ি ছিনতাইয়ের চেষ্টা চলাকালে এক ছিনতাইকারীকে আটক করেছে স্থানীয় জনতা। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। অপর দিকে তার এক সহযোগী পালিয়ে যায়। শুক্রবার (১ মে) সকাল সাড়ে ১০টার দিকে দুর্গাপুর পৌর এলাকার নান্দোপাড়া বিলের মধ্যবর্তী এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (১ মে) সকাল সাড়ে ১০টার দিকে ভ্যানচালক আবু তাহের (৪৫)। আমগাছি টু দুর্গাপুর প্রধান সড়ক দিয়ে দুর্গাপুরে যাচ্ছিলেন পৌর এলাকার নান্দোপাড়া গ্রামের ভ্যান চালক আবু তাহের। পথে দুর্গাপুর পৌর এলাকার নান্দোপাড়া বিলের মধ্যবর্তী স্থানে পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুই ছিনতাইকারীর কবলে পড়েন তিনি।
এসময় ওই স্থানে থাকা স্থানীয় জনতা এগিয়ে এসে তাদের ধাওয়া করে একজনকে আটক করেন। এসময় তার অপর সহযোগী ঘটনাস্থাল থেকে পালিয়ে যায়। পরে আটককৃত ছিনতাইকারীকে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন স্থানীয় জনতা। আটককৃত ছিনতাইকারী হলেন, নাটোর জেলার লালপুর উপজেলার শহিদুল ইসলাম (৪২)। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে একই এলাকায় এক এনজিও কর্মীকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে প্রায় এক লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এছাড়াও একই স্থানে এর আগে একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। তিনি বলেন, আমি সদ্য থানায় যোগদান করেছি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।