সোমবার, জুন ২২, ২০২৬

সিরাজগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ

সোনার দেশ ডেস্ক ০৩ মে ২০২৬ ০৯:৩০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সোনার দেশ ডেস্ক ০৩ মে ২০২৬ ০৯:৩০ অপরাহ্ন
সিরাজগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় চার দিন আগে নির্মিত একটি রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে।


রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা-ইউএনও সাবরিনা শারমিন বলেন, “উপজেলার গাড়াদহ ইউনিয়নের চরনবীপুর গ্রামের রাস্তাটির ইট তুলে নেওয়ার বিষয়টি জেনেছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


২৭ এপ্রিল উপজেলা পরিষদের অর্থায়নে ১০ ফুট প্রস্থ ও ১০০ ফুট দৈর্ঘ্যের ওই রাস্তাটি উদ্বোধন করেন সদ্যবিদায়ী ইউএনও মাশফিকা হোসেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. মুশফিকুর রহমান, শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম, গাড়াদহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।


স্থানীয় নারী ইউপি সদস্য শিউলী খাতুন বলেন, “কয়েকটি পরিবারের চলাচলের সুবিধার জন্য রাস্তাটি নির্মাণ করা হয়। কিন্তু ইউএনও মাশফিকা হোসেনের বদলির পর শনিবার বিকাল থেকে গাড়াদহ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফসার আলীর নেতৃত্বে কিছু লোক এসে রাস্তাটির ইট তুলে নিয়ে যাচ্ছে।”


তবে অভিযোগ অস্বীকার করে সাবেক ইউপি সদস্য আফসার আলী ও বিএনপি নেতা বলেন, “যেখানে রাস্তা করা হয়েছে সেটি করতোয়া ডিগ্রি কলেজের জমি। তাই জায়গাটি দখলমুক্ত করতেই ইট সরানো হচ্ছে।” 


তথ্যসূত্র: বিডিনিউজ