দুর্গাপুরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ উদ্বোধন
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৩ মে) সকাল সাড়ে ১১টায় এসব কাজের উদ্বোধন করেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।
উদ্বোধনকৃত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন, উজানখলসী ইউনিয়ন তহসীল অফিসের সড়ক, দুর্গাপুর থানার প্রবেশ সড়ক, দুর্গাপুর কলেজের সড়ক এবং কিশোরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল ও প্রধান ফটক নির্মাণ কাজ।
উন্নয়ন কার্যক্রম উদ্বোধনের পাশাপাশি সাংসদ নজরুল ইসলাম মন্ডল দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট খাতগুলোর সার্বিক অগ্রগতি ও সেবার মান নিয়ে খোঁজ খবর নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশতুরা আমিনা, সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চনন্দ সরকার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রুহুল আমিন, উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মাদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এছাড়া বিভিন্ন ইউনিয়নের বিএনপির সাবেক চেয়ারম্যান, পৌর ও উপজেলা পর্যায়ের বিএনপির নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে উন্নয়ন কার্যক্রমকে স্বাগত জানান।
স্থানীয়রা আশা করছেন, এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দুর্গাপুরে শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে এবং জনসেবার মান বৃদ্ধি পাবে।